আগামী জুলাইয়ের আগে নতুন বেতনকাঠামো নয়: মুহিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের জুলাই মাসের আগে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো কার্যকরের সম্ভাবনা কম।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার সাধারণ বীমা করপোরেশনের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।
করপোরেশনের চেয়ারম্যান এম শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক মো. রেজাউল করিম ২০১৩ পঞ্জিকা বছরের জন্য ২০ কোটি টাকা লভ্যাংশের চেক অর্থমন্ত্রীর কাছে হস্তান্তর করেন।
উল্লেখ্য, গত বছরের ২৪ নভেম্বর দেশের ১৩ লাখ সরকারি চাকরিজীবীর জন্য জাতীয় বেতন ও চাকরি কমিশন গঠন করেছে সরকার। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে সভাপতি করে গঠিত এ কমিশনের সদস্য ১৭ জন।
এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ডিসেম্বরে কমিশনের প্রতিবেদন পাব। জানি না, চলতি অর্থবছরে কদ্দুর কী করতে পারব। তবে ইচ্ছে আছে তাড়াতাড়িই কিছু করার।’
২০১৫ সালের জানুয়ারি থেকে নতুন বেতনকাঠামো কার্যকরের কথা বলা হয়েছিল, এখন জুলাইয়ের আগে সম্ভাবনা কম বলা হচ্ছে কেন—এই প্রসঙ্গে মুহিত বলেন, ‘জানুয়ারির কথা বলা হয়েছিল নাকি। প্রধানমন্ত্রী এ কথা বলেননি, আমিও বলিনি কখনো।’ তিনি বলেন, ‘কিছু সংস্কার-টংস্কার করতে হবে। তবে নতুন অর্থবছর অর্থাৎ আগামী জুলাই থেকে নতুন বেতনকাঠামো যে কার্যকর হবে, সেটা নিশ্চিত।’
জানা গেছে, বেতন কমিশন প্রতি মাসে একটি করে বৈঠক করছে। কর্মকর্তা-কর্মচারীদের জন্য সময়োপযোগী বেতনকাঠামো ও অবসরসুবিধা নির্ধারণ; বিশেষায়িত চাকরিধারীদের বেতনকাঠামো নির্ধারণ এবং বাড়িভাড়া, চিকিৎসা, যাতায়াত, আপ্যায়ন, প্রেষণ, কার্যকর, মহার্ঘ, উৎসব ও শ্রান্তি বিনোদন ভাতা নির্ধারণের কাজ করছে এই কমিশন।
এদিকে টাইম স্কেল, সিলেকশন গ্রেড এবং ইনক্রিমেন্টের ক্ষেত্রে বিদ্যমান অসংগতিও দূর করার সুপারিশ থাকবে কমিশনের প্রতিবেদনে।
২০০৮ সালের ৩১ আগস্ট তত্ত্বাবধায়ক সরকারের সময় গঠিত হওয়া আগের বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী ২০০৯ সালের ১ জুলাই সর্বশেষ সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাড়ানো হয়। এরপর গত বছরের ১ জুলাই থেকে মূল বেতনের ২০ শতাংশ হারে মহার্ঘ ভাতা দেওয়া হচ্ছে সরকারি চাকরিজীবীদের।
আইএমএফ: লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানের আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে অর্থমন্ত্রী বৈঠক করেন। আইএমএফের ঋণ কর্মসূচি সম্প্রসারিত ঋণসহায়তা (ইসিএফ) থেকে সাত কিস্তিতে ১০০ কোটি ডলার নিচ্ছে সরকার। আরও দুই কিস্তি পাওয়ার বাকি।
অর্থমন্ত্রী জানান, এই অর্থ পেতে কোনো সমস্যা হবে না। ব্যাংক খাত নিয়ে দেশে কোনো সমস্যা নেই বলে আইএমএফকে জানানো হয়েছে বলে সাংবাদিকদের জানান অর্থমন্ত্রী।
বিশ্বব্যাংকের বার্ষিক সভায় অংশ নিতে প্রতি বছরের সেপ্টেম্বরের মতো এবারও যুক্তরাষ্ট্র যাচ্ছেন অর্থমন্ত্রী। এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘এবার তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। তবে বিশ্বব্যাংক বাজেট-সহায়তা বাবদ পাঁচ কোটি ডলার দেবে। এ জন্য একটি চুক্তি হবে।’