আগামী দিনে দুর্ঘটনা রোধে সজাগ থাকতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যালেন টুশা
অ্যালেন টুশা

বাংলাদেশের পোশাক কারখানায় কর্মপরিবেশের টেকসই নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকেই প্রাধান্য দিচ্ছে উত্তর আমেরিকার পোশাক ক্রেতা ও সংস্থার জোট অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি। এ জোট আশা করছে, পোশাকশিল্পের কর্মপরিবেশের উন্নয়নের দৃষ্টান্ত অন্য শিল্পে অনুসরণ করা হবে। সেই সঙ্গে বাংলাদেশের অভিজ্ঞতা অন্য দেশেও দৃষ্টান্ত হিসেবে নেবে।
গত সোমবার প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে এ আশাবাদের কথা শুনিয়েছেন বাংলাদেশ সফররত অ্যালায়েন্স প্রতিনিধিদলের নেতা মার্কিন কংগ্রেসের সাবেক সদস্য অ্যালেন টুশার। রাজধানীর একটি হোটেলে কথা হয় মার্কিন পররাষ্ট্র দপ্তরের অস্ত্র নিয়ন্ত্রণ ও আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক সাবেক এই আন্ডার সেক্রেটারির সঙ্গে। এ সময় তিনি সতর্ক করে দিয়ে বলেন, ভবিষ্যতে যেকোনো ধরনের দুর্ঘটনা রোধেও বাংলাদেশের সংশ্লিষ্ট সব পক্ষকে সজাগ থাকতে হবে। তা না হলে কর্মপরিবেশের উন্নয়নের ব্যাপারে ব্র্যান্ড ও ক্রেতাদের যে আস্থা তৈরি হয়েছে, তা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।
অ্যালেন টুশার বলেন, বাংলাদেশের পোশাক কারখানার কর্মপরিবেশের উন্নতির অংশ হিসেবে অ্যালায়েন্স আগামী বছরের জুলাইয়ের মধ্যে ৫০০ কারখানার কাঠামোগত ও পরিবেশগত নিরাপত্তার বিষয়টি যাচাই করে দেখবে। কোন কারখানাকে নির্বাচিত করা হয়েছে, আর কাজটি কারা করবে, জানতে চাইলে তিনি বলেন, অ্যালায়েন্সের ২২ সদস্য প্রতিষ্ঠান পোশাক কেনে এমন সব কারখানা এ পরিদর্শনের আওতায় পড়বে। কাজটি পরিচালনার জন্য এলিভেট নামের একটি ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশে অতীতে কাজ করার অভিজ্ঞতাসম্পন্ন প্রতিষ্ঠানটির ২২ জন বিশেষজ্ঞ এ কাজের পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকবেন। কারখানা পরিদর্শনের পাশাপাশি শ্রমিকদের প্রশিক্ষিত করে তোলার কাজেও যুক্ত থাকবে এলিভেট। কারখানার পরিবেশের নিরাপত্তা ঝুঁকি আছে, এটা দেখার পর শ্রমিকের ভূমিকা কী হবে, সেটার ওপর প্রশিক্ষণে বিশেষ গুরুত্বারোপ করা হবে।
পরিদর্শন আর প্রশিক্ষণের কাজটি অ্যালায়েন্স একাই করবে, নাকি বাংলাদেশ সরকার, পোশাকশিল্পের মালিক-শ্রমিকদের পাশাপাশি ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ডকে যুক্ত করা হবে—এ ব্যাপারে জানতে চাইলে অ্যালেন টুশার বলেন, ‘কারখানার সামগ্রিক কর্মপরিবেশ উন্নয়নের মতো একটি ব্যাপক কর্মকাণ্ডে আমরা যুক্ত হয়েছি। বাংলাদেশের শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। তাই সংশ্লিষ্ট সব পক্ষকে সঙ্গে নিয়েই আমরা কাজটি করতে চাই। কাজের ক্ষেত্রে দ্রুততম সময়ের মধ্যে নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে আমরা সবার আগে রাখতে চাই।’
প্রসঙ্গত, সাভারের ভবনধস ও যুক্তরাষ্ট্রে অগ্রাধিকারমূলক বাজারসুবিধা (জিএসপি) বাতিলের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের কর্মপরিবেশের উন্নয়নে গত ১০ জুলাই গঠিত হয় অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি।