এ সপ্তাহের সাক্ষাৎকার: ক্ষুদ্রঋণের নানা দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সাবেক চেয়ারম্যান ও ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্সের নির্বাহী পরিচালক এম এ বাকী খলীলী
আগামী দিনে প্রবৃদ্ধির অন্যতম নিয়ামক হয়ে উঠবে ক্ষুদ্রঋণ

প্রথম আলো: বাংলাদেশে ক্ষুদ্রঋণের সাফল্য নিয়ে বিতর্ক রয়েই গেছে। তাহলে দেশে ক্ষুদ্রঋণ কোন বিবেচনা থেকে গুরুত্বপূর্ণ?
বাকী খলীলী: বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই এটি গুরুত্বপূর্ণ। ইতিমধ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দেখিয়েছে ক্ষুদ্রঋণ প্রদানকারী প্রতিষ্ঠানগুলো। আগামী দিনে আরও দেখাবে। দেশের শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শক্তি তৈরিতে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রত্যক্ষ অবদানই রয়েছে। নোবেল বিজয়ী অমর্ত্য সেন বাংলাদেশের সামাজিক উন্নয়নের কথা অনবরত বলে যাচ্ছেন। এ উন্নয়ন কিন্তু এমনি এমনি হয়নি। সরকারের নীতি-সহায়তা অবশ্যই ছিল। কিন্তু তৃণমূল পর্যায়ের কাজটা করেছে ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোই। নারীর ক্ষমতায়নে ক্ষুদ্রঋণের চেয়ে কেউ বেশি অবদান রাখতে পেরেছে বলে আমার জানা নেই। এটা তো ঠিক, অর্থের অভাব থাকলে বেশি দূর এগোনো যায় না। ওই এগিয়ে দেওয়ার কাজটাই করে ক্ষুদ্রঋণ।
প্রথম আলো: কিন্তু সামান্য ঋণ নিয়ে কীভাবে আত্মনির্ভরশীল হওয়া যায়।
বাকী খলীলী: পারছে তো অনেকেই। ঋণের পরিমাণ এখন আর সামান্য নেই। ১০ থেকে ১৫ লাখ টাকা ঋণও দেওয়া হচ্ছে। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো নিয়ে অনেকের ভুল ধারণা আছে। অনেকে জানেনই না যে তাদের কাজ শুধু ঋণ দেওয়া নয়। দেশে ক্ষুদ্রবিমা চালু, স্যানিটেশনের ব্যাপক উন্নতি এবং অপ্রাতিষ্ঠানিক শিক্ষাব্যবস্থা চালুর পেছনেও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর ভূমিকাই প্রধান। দেশে এই মুহূর্তে তিন কোটি ৩০ লাখ সদস্য ক্ষুদ্রঋণ কার্যক্রমের সঙ্গে জড়িত। একজন একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত (ওভারলেপিং) এমন হার ৪২ শতাংশ বাদ দিলেও মোট সংখ্যা দাঁড়ায় দুই কোটি। যাঁদের ৯০ শতাংশ আবার নারী। এই নারীদের মধ্যে যাঁরা মা, তাঁরা আজ এটুকু বোঝেন যে সন্তানকে লেখাপড়া শেখাতে হবে।
প্রথম আলো: সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিই বলেন, ক্ষুদ্রঋণ দিয়ে অন্তত দারিদ্র্য বিমোচন হয় না...
বাকী খলীলী: শুধু ক্ষুদ্রঋণ দিয়ে দারিদ্র্য বিমোচন হবে—এ কথা কেউই বলেন না। এমনকি তা বলেননি ড. মুহাম্মদ ইউনূস বা ফজলে হাসান আবেদও। তবে বাংলাদেশের জন্য ক্ষুদ্রঋণ খুবই দরকার। আমি দেখতে পাচ্ছি, ক্ষুদ্র ও মাঝারি পর্যায়ের প্রতিষ্ঠানে অর্থায়নের মাধ্যমে আগামী বাংলাদেশের প্রবৃদ্ধির জন্য অন্যতম নিয়ামক হবে ক্ষুদ্রঋণ। জাপানের বড় বড় গাড়ি কোম্পানি, গাড়ির সব যন্ত্রাংশ নিজেরা উৎপাদন করে না। ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিষ্ঠান থেকে সংগ্রহ করে। এ দেশেও তাই হবে। হতেই হবে। আরেকটি কারণেও তা হবে। সেটি হচ্ছে ব্যাংকের সীমাবদ্ধতা। মানুষ যেখানে ব্যাংকের কাছে ধরনা দিয়েও ঋণ পায় না, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলো সেখানে উল্টো মানুষের কাছে গিয়ে ঋণ দিয়ে আসে। তা ছাড়া, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর ঋণ দেওয়ার ধরনটাই বদলে দিয়েছে। পিকেএসএফ অনেক প্রতিষ্ঠানেরই ঋণ দেওয়ার সহযোগী।
প্রশ্ন: ক্ষুদ্রঋণ তাহলে গতানুগতিকতা থেকেও বেরিয়ে আসছে?
বাকী খলীলী: অবশ্যই। আরেকটি ভুল ধারণাও রয়েছে মানুষের মধ্যে। একসময় ভাবা হতো, বিদেশ থেকে টাকা আসে বিনা মূল্যে দরিদ্র মানুষকে তা দেওয়ার জন্য। সত্য মিথ্যা যা-ই হোক না কেন, এখনকার ক্ষুদ্রঋণের ধারণা মোটেও তেমন নয়। কল্যাণমূলক নয়, ক্ষুদ্রঋণ এখন পুরোপুরিই উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। ক্ষুদ্রঋণের নানা কর্মসূচি যদি বাধাগ্রস্ত হয়, নির্ঘাত তা জনগণের বিরুদ্ধে যাবে। আমার মনে হয়, সরকার রাজনৈতিকভাবে ভুল জায়গায় দাঁড়িয়ে পড়বে, যদি ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানগুলোর জন্য ক্ষতিকারক কোনো সিদ্ধান্ত নেয়। কারণ, মানুষের জন্য সরকার যা যা করতে চায়, ক্ষুদ্রঋণ সেগুলোরই পক্ষে। তবে সরকারকে অবশ্যই নিয়মকানুনের দিকগুলো দেখতে হবে। ক্ষুদ্রঋণ নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ (এমআরএ) গঠনের পর তা দেখাও বেশ ভালোভাবেই সম্ভব। সরকারের উচিত হবে শুধু অসহযোগিতা না করা, আর সামান্য সহযোগিতা করা। বাকিটা প্রতিষ্ঠানগুলো নিজেরাই পারবে।
প্রথম আলো: ক্ষুদ্রঋণ নিয়ে ইনস্টিটিউট অব মাইক্রোফিন্যান্স (আইএনএম) কী কাজ করছে।
বাকী খলীলী: ক্ষুদ্রঋণ, ক্ষুদ্রঋণের মাধ্যমে দারিদ্র্য বিমোচন নিয়ে গবেষণা এবং ক্ষুদ্রঋণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া তথা মানবসম্পদ উন্নয়নই আইএনএমের মূল কাজ। সম্প্রতি জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়েও কাজ শুরু হয়েছে। ক্ষুদ্রঋণের ওপর ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স চালু হচ্ছে শিগগিরই। দেশের গণ্ডি পেরিয়ে আইএনএম এখন বহির্বিশ্বেও পরিচিত। আইএনএমকে এমনভাবে গড়ে তোলা হচ্ছে যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ক্ষুদ্রঋণের ওপর ডিগ্রি নিতে আসতে হবে এখানে। ব্যাংক, বিমা, তৈরি পোশাক খাত ও সরকারি চাকরির বাইরে কর্মসংস্থান তৈরির পল্লিভিত্তিক অন্যতম খাত হবে ক্ষুদ্রঋণ। আইএনএম এতে ভূমিকা রাখবে।
প্রথম আলো: ক্ষুদ্রঋণের চোখে ভবিষ্যতের বাংলাদেশকে কীভাবে দেখছেন?
বাকী খলীলী: আমি দেখতে পাচ্ছি, ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান দিনে দিনে ক্ষুদ্রঋণ ব্যাংক হয়ে যাবে। হতে বাধ্য।
[সাক্ষাৎকার নিয়েছেন ফখরুল ইসলাম]