আগামী বছর উৎপাদনে যাবে জাপানি অর্থনৈতিক অঞ্চল: রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় অবস্থিত বিশেষায়িত জাপানি অর্থনৈতিক অঞ্চলে আগামী বছর থেকে উৎপাদন কার্যক্রম শুরু হবে। আজ বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির (এফবিসিসিআই) সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতের সময় এ কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। এক বিজ্ঞপ্তিতে এসব জানিয়েছে এফবিসিসিআই।

জাপানি রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে জাপানি কোম্পানিগুলোর আগ্রহ বাড়ছে। এ আগ্রহকে কাজে লাগিয়ে বাংলাদেশের অর্থনীতিকে আরও বিকশিত করার সুযোগ রয়েছে। ভবিষ্যতে জাপানি উদ্যোক্তাদের বিনিয়োগের প্রধান গন্তব্য হবে বাংলাদেশ। তবে এ জন্য বিনিয়োগ পরিবেশকে আরও সহজ করার জন্য আহ্বান জানান ইতো নাওকি।

এ ক্ষেত্রে কয়েকটি বাধার কথা উল্লেখ করেন রাষ্ট্রদূত ইতো নাওকি। তিনি বলেন, পরিচালন মূলধনের জন্য ঋণের জোগান, ঋণপত্র খুলতে বিলম্ব, আয়কর ও ভ্যাটের উচ্চহার, বন্ড লাইসেন্সের নবায়ন জটিলতা, ইপিজেডের কারখানাগুলোর সঙ্গে বাইরের শিল্পের মজুরির পার্থক্য জাপানি বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধা হয়ে আছে। এসব সমস্যার সমাধান হলে এ দেশে জাপানি বিনিয়োগ আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

অন্যদিকে বিনিয়োগের ক্ষেত্রে এসব সমস্যা সমাধানে সরকারের সঙ্গে আন্তরিকভাবে কাজ করবেন বলে রাষ্ট্রদূতকে আশ্বাস দেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। তিনি বলেন, শতাধিক জাপানি কোম্পানি বহু বছর ধরে বাংলাদেশে ব্যবসা করে আসছে। পাশাপাশি উন্নয়ন প্রকল্পেও বাংলাদেশের অন্যতম বড় অংশীদার জাপান।

জসিম উদ্দিন আরও বলেন, অর্থনৈতিক উন্নয়নের ফলে বাংলাদেশের অভ্যন্তরীণ বাজারের আকারও বেড়েছে। তাই বাংলাদেশে বিনিয়োগ করা যেকোনো জাপানি কোম্পানির লাভজনক হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে। এ সময় বিদেশি বিনিয়োগকারীদের জন্য সরকারের নেওয়া অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন নীতিসহায়তার কথা তুলে ধরেন এফবিসিসিআই সভাপতি।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের সহসভাপতি আমিন হেলালী ও মো. হাবিব উল্লাহ, পরিচালক মো. নাসের, প্রীতি চক্রবর্তী ও মহাসচিব মোহাম্মদ মাহফুজুল হক।

২০১৯ সালের ২৬ মে জাপানের সুমিতোমো করপোরেশনের সঙ্গে যৌথ উদ্যোগে প্রায় এক হাজার একর জমিতে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের চুক্তি করে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। চুক্তি অনুযায়ী, ২০২২ সালের জুনের মধ্যে সেখানে সব ধরনের অবকাঠামোর নির্মাণকাজ শেষ করার কথা রয়েছে।