আগামী বছর প্রথম সার্ক বিমা সম্মেলন ঢাকায় হবে
‘প্রথম সার্ক বিমা সম্মেলন’ হবে ঢাকায়। আগামী বছরের ফেব্রুয়ারি বা মার্চে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠেয় দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজক বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি এবং অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বিশেষ অতিথি থাকবেন। সার্কভুক্ত আট দেশের বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা এবং বেসরকারি খাতের এক হাজারেরও বেশি প্রতিনিধি এতে যোগ দেবেন।আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ বিমা সম্মেলন আয়োজনের কথা জানিয়ে সাধারণ বিমা করপোরেশন (এসবিসি), জীবন বিমা করপোরেশন (জেবিসি) ও দেশের সব কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) কাছে গতকাল বুধবার চিঠি পাঠিয়েছেন।সম্মেলন সফল করতে আইডিআরএর সদস্য ফজলুল করিমকে আহ্বায়ক করে গতকাল সাত সদস্যের একটি প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। আজ বৃহস্পতিবার আইডিআরএর কার্যালয়ে কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা। কমিটির সদস্য সচিব মেঘনা ইনস্যুরেন্স কোম্পানির উপদেষ্টা এ বি এম নূরুল হক। অন্য সদস্যরা হলেন জেবিসির চেয়ারম্যান মোহাম্মদ সোহরাব উদ্দিন, এসবিসির চেয়ারম্যান শামসুল আলম, গ্রীন ডেল্টা ইনস্যুরেন্সের এমডি নাসির এ চৌধুরী, রিলায়েন্স ইনস্যুরেন্সের এমডি আখতার আহমেদ এবং ফারইস্ট ইসলামী লাইফ ইনস্যুরেন্সের এমডি একরামুল আমীন।আইডিআরএর চিঠিতে বলা হয়েছে, প্রথম সার্ক বিমা সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে সার্কভুক্ত দেশের বিমা নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক তৈরি এবং উন্নয়ন, নজরদারি ও তদারকিতে একে অন্যের অভিজ্ঞতা বিনিময় করা। এখন থেকে চক্রাকারে প্রত্যেক দেশে এবং প্রতিবছরই এমন সম্মেলন আয়োজন করা হবে বলে আইডিআরএ আশা করছে।জানা গেছে, নিয়ন্ত্রক সংস্থা, বিমা ও পুনর্বিমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা, জ্যেষ্ঠ ব্যবস্থাপক, ব্যবস্থাপনা উপদেষ্টা, আইনজীবী, ঝুঁকি ব্যবস্থাপকসহ এই বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত ব্যক্তিরা এতে অংশ নিতে পারবেন।আইডিআরএর চেয়ারম্যান এম শেফাক আহমেদ প্রথম আলোকে বলেন, বিমা অনেক সম্ভাবনাময় খাত। সম্মিলিত প্রচেষ্টায় খাতটিকে এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।