আগামী ২০১৩-১৪ অর্থবছরে বিশ্বে প্রায় ১১ কোটি ৫৫ লাখ বেল তুলা উৎপাদন হবে, যা কিনা চলতি ২০১২-১৩ অর্থবছরের চেয়ে ৩ শতাংশ কম। আর সত্যি এমনটি ঘটলে বিশ্ববাজারে তুলার দাম কিছুটা বেড়ে যাবে। যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ (ইউএসএডি) সম্প্রতি এই রকমই পূর্বাভাস দিয়েছে। তারা বলেছে, তুলার দাম পড়ে যাওয়ায় কৃষকেরা অন্য লাভজনক শস্য উৎপাদনে উৎসাহী হয়ে উঠেছেন। এটিই হচ্ছে আসছে মৌসুমে পণ্যটির উৎপাদন কমার প্রধান কারণ।পূর্বাভাস অনুযায়ী, সামনের মৌসুমে যুক্তরাষ্ট্র, চীন ও অস্ট্রেলিয়ায় তুলা উৎপাদন কম হবে। ২০১৩ সালে বৈশ্বিক মোট উৎপাদনের ৪৪ শতাংশ তুলা আসবে এই তিনটি দেশ থেকে। তবে চলতি অর্থবছরে এদের অংশীদারি ছিল ৪৬ শতাংশ। তবে আশার কথা হলো ব্রাজিল, ভারত ও পাকিস্তানে এবার তুলা উৎপাদন বেশি হবে।বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি তুলা উৎপাদন হয় চীনে। আসছে মৌসুমে দেশটির তুলা উৎপাদন হবে তিন কোটি ৩০ লাখ বেল। এটি চলতি মৌসুম থেকে ১০ লাখ বেল বা তিন শতাংশ কম। অন্যদিকে অস্ট্রেলিয়ায় উৎপাদন ১৭ শতাংশ কমবে। তবে উল্টো চিত্রও আছে। তুলা উৎপাদনে ধারাবাহিক বিনিয়োগ ও অন্য শস্যের চেয়ে চাষের খরচ কম হওয়ায় ব্রাজিলে উৎপাদন বাড়বে। পরবর্তী মৌসুমে ব্রাজিলে আগের বছরের চেয়ে ১০ লাখ বেল বেড়ে প্রায় ৭৫ লাখ বেল তুলা উৎপাদিত হবে।ইউএসএডির পূর্বাভাস, আসছে মৌসুমে দ্বিতীয় বৃহত্তম তুলা উৎপাদনকারী দেশ ভারতে ২ কোটি ৬০ লাখ বেল তুলা উৎপাদন হবে, যা কিনা চলতি অর্থবছরের চেয়ে দুই শতাংশ বেশি। আবার পাকিস্তানে চার শতাংশ বেড়ে এক কোটি বেল তুলা উৎপাদিত হবে।