আগামী বছর ব্যাংক ছুটি ২৪ দিন

আগামী বছর বাংলাদেশ ব্যাংকসহ দেশের সব তফসিলি ব্যাংকে (শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছাড়া) ছুটি থাকবে ২৪ দিন। গতকাল মঙ্গলবার এ–সংক্রান্ত একটি তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। দেশের সব বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে এটি পাঠানো হয়েছে।
এর আগে ২০১৮ সালে ২২ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। তবে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য সাধারণ ছুটি থাকবে ২৪ দিন। সরকার–ঘোষিত ২২ দিন সাধারণ ছুটির সঙ্গে ১ জুলাই ও ৩১ ডিসেম্বর ‘ব্যাংক হলিডে’ ছুটি যুক্ত হবে।
তালিকা অনুযায়ী এই ২৪ দিন ছুটির মধ্যে ৪ দিন শুক্রবার ও ২ দিন শনিবার পড়েছে। অর্থাৎ ছুটির ছয় দিন সাপ্তাহিক ছুটির মধ্যে পড়ে গেছে। সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-৪ শাখার নির্দেশ অনুযায়ী ছুটির তালিকা করা হয়েছে। এ বিষয়ে ব্যাংকগুলোর সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।
ছুটির তালিকায় রয়েছে—২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী, ২৬ মার্চ স্বাধীনতা ও জাতীয় দিবস, ১৪ এপ্রিল বাংলা নববর্ষ, ২৯ এপ্রিল বুদ্ধপূর্ণিমা, ১ মে শ্রমিক (মে) দিবস, ২ মে শবে বরাত, ১২ জুন শবে কদর, ১৫ জুন জুমাআতুল বিদা, ১৫, ১৬ ও ১৭ জুন ঈদুল ফিতর।
বছরের দ্বিতীয় ভাগে ছুটির তালিকায় আছে—১ জুলাই ব্যাংক হলিডে, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস, ২১, ২২ ও ২৩ আগস্ট ঈদুল আজহা, ২ সেপ্টেম্বর শুভ জন্মাষ্টমী, ২১ সেপ্টেম্বর আশুরা, ১৯ অক্টোবর দুর্গাপূজা (বিজয়া দশমী), ২১ নভেম্বর ঈদ-এ মিলাদুন্নবী (সা.), ১৬ ডিসেম্বর বিজয় দিবস, ২৫ ডিসেম্বর বড়দিন ও ৩১ ডিসেম্বর ব্যাংক হলিডে।