ইতালির দ্বিতীয় বৃহত্তম জনবহুল শহর ও লোম্বার্দি অঞ্চলের রাজধানী মিলানে আগামী বছরের ১ মে ‘এক্সপো মিলানো ২০১৫’ শীর্ষক বিশ্ববাণিজ্য প্রদর্শনী শুরু হবে, চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। ছয় মাসের এই প্রদর্শনীতে আয়োজকেরা সারা বিশ্ব থেকে দুই কোটির বেশি দর্শকের সমাগম ঘটবে বলে আশা করছেন। এতে বাংলাদেশও অংশ নেবে। ঢাকা রিজেন্সি হোটেলে রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। রেড কার্পেট৩৬৫ লিমিটেডের সহযোগিতায় এনএম এন্টারপ্রাইজ সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে বক্তব্য দেন এক্সপো মিলানো ২০১৫-এর আয়োজন ব্যবস্থাপনা বিভাগের পর্যটন ও টিকিট পরিচালক এলেসান্ড্রো ম্যানসাইন, আয়োজন ও বিনোদন বিভাগের বিশেষজ্ঞ রাফায়েল স্কোপিলো এবং এনএম এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জসিম উদ্দিন। সংবাদ সম্মেলনে জানানো হয়, বাংলাদেশে এই প্রদর্শনীর টিকিটের বিক্রির মূল দায়িত্ব পালন করবে এনএম এন্টারপ্রাইজ।
বিজ্ঞপ্তি