জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশে জনবান্ধব ও কল্যাণমুখী এবং দেশীয় শিল্পের প্রসারের লক্ষ্য সামনে রেখে বাজেট প্রণয়নের কাজ করা হচ্ছে।
কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর কার্যালয়ের আয়োজনে গতকাল বৃহস্পতিবার দিনব্যাপী রংপুরের একটি কমিউনিটি সেন্টারে প্রাক্-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় নজিবুর রহমান এসব কথা বলেন। এ সময় রংপুর অঞ্চলের বিভিন্ন পেশার ব্যবসায়ী, প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নজিবুর রহমান বলেন, আগামী বাজেট প্রণয়নের ক্ষেত্রে দেশীয় শিল্পের সুরক্ষা, রপ্তানিমুখী শিল্পকে আরও প্রণোদনা দেওয়া, তুলনামূলক পিছিয়ে পড়া অঞ্চলের কর্মসংস্থান সৃষ্টির মধ্য দিয়ে উন্নয়ন এবং ব্যবসায়ীদের সঙ্গে পার্টনারশিপের মাধ্যমে আগামী দিনে রাজস্ব আহরণ পদ্ধতির উন্নয়ন করার বিষয়ে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
প্রাক্-বাজেট আলোচনা সভায় রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আবুল কাশেমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য যথাক্রমে রেজাউল হাসান, লুৎফর রহমান ও পারভেজ ইকবাল, রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিনু শীল, রংপুর পুলিশ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি বশির আহমেদ, রংপুর জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, এফবিসিসিআইয়ের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, রংপুর কর অঞ্চলের কর কমিশনার হারুন অর রশীদ, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুর কার্যালয়ের কমিশনার এহসানুল হক।