জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ বলেছেন, আগামী ২০১২-১৩ অর্থবছরের বাজেট হবে রাজস্ববান্ধব।গতকাল মঙ্গলবার চট্টগ্রাম চেম্বার ও চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার আয়োজিত দুটি পৃথক প্রাক-বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন।চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায় সভাপতিত্ব করেন এর সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম। এতে বক্তব্য দেন এনবিআরের সদস্য নাসিরউদ্দিন, বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী, সাবেক প্রথম সহসভাপতি এম এ সালাম, চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি মাহবুবুল আলম, পরিচালক মাহফুজুল হক শাহ ও এমদাদুল হক চৌধুরী, খাতুনগঞ্জ চাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ওমর আজম, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক কামাল উদ্দিন প্রমুখ।এনবিআরের চেয়ারম্যান বলেন, করদাতাদের ভোগান্তি কমাতে ২৬ মে থেকে অনলাইনে কর পরিশোধের ব্যবস্থা চালু হচ্ছে। এর ফলে যে কেউ নির্বিঘ্নে কর পরিশোধ করতে পারবেন। এ ছাড়া, আগামী সেপ্টেম্বর মাস থেকে অনলাইনে আয়কর সনদ প্রদানের ব্যবস্থাও চালু হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।সভায় ব্যবসায়ীরা কয়েকটি সুপারিশ তুলে ধরেন। সেগুলো হচ্ছে: খালি এলপিজি সিলিন্ডার ও স্থানীয় ইউরিয়া রেজিন উৎপাদনকারী প্রতিষ্ঠানের কাঁচামালের ওপর থেকে আমদানি শুল্ক প্রত্যাহার, ফোর-স্ট্রোক মোটরসাইকেলকে বিলাসি পণ্যের তালিকা থেকে বাদ দেওয়া, বিলেট আমদানিতে প্রচলিত শুল্কই বহাল রাখা এবং নতুন কোনো শুল্ক বা ভ্যাট আরোপ না করা। এ ছাড়া পানীয় ও খাদ্যশিল্প খাতে আমদানি করা কাঁচামালের শুল্ক কমানোর সুপারিশ করে এই চেম্বার।এদিকে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আলোচনায়ও ব্যবসায়ীরা কিছু সুপারিশ তুলে ধরেন। সুপারিশগুলোর মধ্যে রয়েছে: রপ্তানিমুখী বস্ত্র খাতে আরোপিত আয়কর কমানো, এই খাতের রপ্তানিকারকদের সরকার-ঘোষিত ৫ শতাংশ প্রণোদনা প্রদান, বন্ডেড ওয়্যারহাউসগুলোতে স্বচ্ছতা আনা, ইপিজেডের বাইরের রপ্তানিমুখী শিল্প-কারখানায়ও সমান সুযোগ-সুবিধা দেওয়া ইত্যাদি।সভায় ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, হয়রানির কারণে অনেকেই কর দিতে উৎসাহী হন না। ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, দেশের সাধারণ মানুষ সরকারকে মূল্য সংযোজন কর বা ভ্যাট দেয়। পদ্ধতিগত কারণে অনেককেই দুবারও ভ্যাট দিতে হয়। কিন্তু এই ভ্যাটের ২০ শতাংশও সরকারের কাছে যায় না।সভায় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সহসভাপতি মাহবুব চৌধুরী সভাপতিত্ব করেন। এতে বক্তব্য দেন এনবিআরের সদস্য নাসির উদ্দিন, বিএসএম গ্রুপের চেয়ারম্যান আবুল বশর চৌধুরী, চিটাগাং মেট্রোপলিটন শপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল কাশেম প্রমুখ।