আগামী বাজেট হবে ৩ লাখ ৪০ হাজার কোটি টাকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের (২০১৬-১৭) বাজেটের আকার হবে প্রায় তিন লাখ ৪০ হাজার কোটি টাকা। সাত শতাংশের বেশি মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে। আজ বৃহস্পতিবার বিকেলে দেশের অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠানের গবেষকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা বলেছেন। 

অর্থমন্ত্রী বলেন, ‘বিশ্ব প্রেক্ষাপটে এই প্রাক্কলন একটু উচ্চাভিলাষী। বিশ্ব প্রবৃদ্ধি কমেছে, অথচ আমরা গত কয়েক বছর ধরে ছয় শতাংশের বেশি প্রবৃদ্ধি ধরে রেখেছি। এটাই অর্থনীতির শক্তি।’
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ প্রাক বাজেট আলোচনা হয়। এতে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ও গবেষণা প্রতিষ্ঠান ইকোনমিক রিসার্চ গ্রুপের (ইআরজি) চেয়ারম্যান ওয়াহিদউদ্দিন মাহমুদসহ অর্থনীতিবিদ ও গবেষকেরা উপস্থিত ছিলেন।
অর্থমন্ত্রী আরও বলেন, আগামী অর্থ বছরে বাজেটে বড় বড় প্রকল্পের জন্য আলাদা বাজেট থাকবে। মহেশখালী বিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দরসহ বড় অবকাঠামো প্রকল্প তৈরি করা হবে। মেগা প্রকল্পগুলোর জন্য একটি মূলধনী বাজেট তৈরি হবে। এ জন্য ৫ থেকে ৬ বিলিয়ন ডলার লাগবে। তিনি বলেন, এসব বড় প্রকল্পে নমনীয় ঋণ পাওয়া যাবে না। কিছুটা বাড়তি সুদেই ঋণ নিতে হবে। চারটি দেশ ইতিমধ্যে এসব মেগা প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। এর মধ্যে চীন অন্যতম।
বড় প্রকল্পের জন্য আলাদা বাজেট রাখার পক্ষেই মত দেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে তিনি পরামর্শ দেন, এ ধরনের মেগা প্রকল্পের ত্রুটি-বিচ্যুতি, লাভ-ক্ষতি, প্রান্তিক জনগোষ্ঠী পর্যায়ে প্রভাব-এসব বিষয়ে চুলচেরা বিশ্লেষণ করা উচিত। কেননা এমন বড় প্রকল্প করে বহু দেশ ভুগেছে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইআরজির নির্বাহী পরিচালক সাজ্জাদ জহির, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক কেএএস মুরশিদ, বিআইডিএসের সাবেক মহাপরিচালক কাজী শাহাবুদ্দীন, অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক জামালউদ্দিন আহমেদ, বিআইডিএসের গবেষক নাজনীন আহমেদ, ইআরজির কোষাধ্যক্ষ মোহাম্মদ হেলাল উদ্দিন, অর্থসচিব মাহবুব আহমেদ, জাতীয় রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমান প্রমুখ।