আগামী বাজেটে করের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৩-১৪ অর্থবছরের বাজেটে করকাঠামোয় বড় ধরনের পরিবর্তন আসছে না। ‘শিল্পায়নের প্রসারে শুল্ককাঠামো পুনর্বিন্যাসের প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। রাজধানীর একটি হোটেলে গতকাল বৃহস্পতিবার ওই সেমিনারের আয়োজন করে বিনিয়োগ বোর্ড।একই অনুষ্ঠানে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ বলেছেন, চলতি অর্থবছরে সরাসরি বিদেশি বিনিয়োগের (এফডিআই) পরিমাণ ১৭০ কোটি ডলার হতে পারে। গত বছর বিদেশি বিনিয়োগের পরিমাণ ছিল ১১৩ কোটি ডলার।সেমিনারের প্রধান অতিথি অর্থমন্ত্রী বলেন, ‘২০০৯ সালেই আমরা ঘোষণা দিয়েছিলাম, অভ্যন্তরীণ শিল্প খাতের জন্য আমদানি শুল্ক কমিয়ে দিয়ে মূল্য সংযোজন কর ও কর আদায় বাড়াব। যেসব খাতে শুল্ক বাড়ানো দরকার সেখানে বাড়াব আর যেসব খাতে কমানো দরকার সেখানে কমাব। প্রতিবারই এমন কিছু না কিছু করা হচ্ছে।’ক্রমাগত বাণিজ্য উদারীকরণের ফলে এমন একটা সময় আসবে যখন দেশে আমদানি শুল্ক বলে কিছু থাকবে না—এমন মন্তব্য করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, ২০১৫ সালের মধ্যে এটি করার পরিকল্পনা আছে। তা না হলেও ২০২১ সালের মধ্যে তা হবে। অর্থমন্ত্রী বলেন, ‘ভবিষ্যতে সম্পূরক শুল্ক তুলে দেওয়া হবে। শুধু অতিবিলাসী পণ্য, যেমন—গাড়ি, শরীরের জন্য ক্ষতিকর এমন পণ্যের ক্ষেত্রে এ শুল্ক থাকবে।’চলতি অর্থবছরের বাজেটে সম্পূরক শুল্কহার ৫ শতাংশ নির্ধারিত আছে।সেমিনারের বিশেষ অতিথি প্রধানমন্ত্রীর জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী বলেন, বর্তমান সরকারের আমলে বিদ্যুৎ খাতে ৮০০ কোটি ডলার বিনিয়োগ হয়েছে।শুল্কসংক্রান্ত প্রস্তাব: সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মোহাম্মদ সাহাবউদ্দীন মূল প্রবন্ধ উপস্থাপন করেন। এতে বলা হয়, বর্তমানে উপকরণ ও তৈরি পণ্য—দুটিই অবাধে আমদানিযোগ্য এবং বিশ্বায়নের এই যুগে স্বল্পমাত্রার শুল্কবাধা ছাড়া আর কোনোভাবে পণ্য আমদানি বাধাগ্রস্ত করা যায় না। এখন কোনো পণ্যের আমদানি নিষিদ্ধ করা যেমন কঠিন, তেমনি চাইলেই বড় ধরনের আমদানি শুল্ক আরোপ করাও সম্ভব নয়। তা ছাড়া আমদানি পর্যায়ের শুল্ককর রাজস্ব হিসেবে বিবেচনা করার সুযোগ এখন কমে এসেছে।প্রবন্ধে বলা হয়, দেশি শিল্পোদ্যোক্তারা তাঁদের প্রয়োজনীয় উপকরণের শুল্কমুক্ত সুবিধার দাবি জানান। আবার রক্ষাকবচ হিসেবে প্রতিদ্বন্দ্বিতাকারী আমদানি পণ্যের বিরুদ্ধে উচ্চ শুল্কারোপের দাবি জানান। কিন্তু শুল্ক একদম তুলে দিলেই যে দেশি শিল্প উঠে যাবে—এ দাবি সমর্থনযোগ্য নয়। শুল্ক তুলে দেওয়া নয়, বরং প্রয়োজন যৌক্তিক হারে শুল্ক নির্ধারণ।শুল্কস্তর বিষয়ে এবার বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) প্রস্তাব হলো, মূলধনি যন্ত্রপাতি ও মৌলিক কাঁচামালে ১ শতাংশ, মধ্যবর্তী কাঁচামাল ও উপকরণে (যা দেশে উৎপাদিত হয় না) ৩ শতাংশ, দেশে উৎপাদিত মধ্যবর্তী কাঁচামাল ও অতি প্রয়োজনীয় ভোগ্যপণ্যে ১২ শতাংশ এবং তৈরি ও বিলাসপণ্যে ২৫ শতাংশ নির্ধারণ করা।সাহাবউদ্দীন মনে করেন, এই প্রস্তাবটি বিবেচনাযোগ্য। এস এ সামাদ বলেন, শুল্ককাঠামো নির্ধারণে ট্যারিফ কমিশনকে যথাযথ ভূমিকা পালন করতে দেওয়া হয় না। এটা একটা ভুল দৃষ্টিভঙ্গি। আর তৌফিক-ই-ইলাহী ট্যারিফ কমিশনকে দায়িত্ব যথাযথভাবে পালন করার আহ্বান জানান।