প্রাক–বাজেট ২০১৫–১৬: ‘কৃষকবান্ধব কৃষি বাজেট’ শীর্ষক সিএসআরএলের গোলটেবিল আলোচনা
আগামী বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়ানোর সুপারিশ
আগামী বাজেটে কৃষি খাতে বরাদ্দ বাড়াতে হবে। এ ছাড়া এ খাতে বিদ্যমান সুযোগ-সুবিধা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়ার পথ খুঁজে বের করা দরকার। পাশাপাশি কৃষি খাতে উৎপাদন বাড়াতে হলে প্রশিক্ষণ ও প্রযুক্তির ব্যবহারে বিশেষ নজর দেওয়া দরকার।
আগামী ২০১৫-১৬ সালের বাজেট সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা সিএসআরএল বা গ্রামীণ জীবনযাত্রার স্থায়িত্বশীল উন্নয়নের জন্য প্রচারাভিযান আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব সুপারিশ তুলে ধরা হয়।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সি এস করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বা বিআইডিএসের সাবেক গবেষক প্রতিমা পাল মজুমদার, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিএসআরএলের সহসভাপতি জিয়াউল হক ও সঞ্চালনার দায়িত্বে ছিলেন সংস্থাটির সাধারণ সম্পাদক শরমিন্দ নিলোর্মি।
বক্তারা বলেন, চলমান রাজনৈতিক অস্থিরতায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন কৃষকেরা। তাই আগামী বাজেটে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা বা ক্ষতিপূরণের জন্য বিশেষ বরাদ্দ রাখতে হবে।
সভাপতির বক্তব্যে সি এস করিম বলেন, কৃষি খাতে সরকার যে ভর্তুকি দেয় তার প্রয়োজনীয়তা নিয়ে অনেকে প্রশ্ন তোলেন। সরকার যদি এ খাত থেকে ভর্তুকি প্রত্যাহার করে নেয়, তাহলে বিপুল পরিমাণ খাদ্যশস্য আমদানি করতে হবে। আর তখন ভর্তুকির সুবিধা যাবে অন্য দেশের কৃষকের কাছে। তিনি আরও বলেন, সরকার বিভিন্ন মৌসুমে যে খাদ্যশস্য সংগ্রহ করে তার মাধ্যমে নগর অর্থনীতি থেকে বিপুল অর্থ গ্রামীণ অর্থনীতিতে স্থানান্তরিত হয়। এর ফলে গ্রামীণ অর্থনীতিতে চাহিদা তৈরি হয়।
সি এস করিম আরও বলেন, এ দেশের কৃষকের কারণে ২০০৭-০৮ সালে নিশ্চিত এক দুর্ভিক্ষের দুয়ার থেকে ফিরে এসেছিল বাংলাদেশ। তখনকার ক্ষমতাসীন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন সি এস করিম। সেই সময়ের অভিজ্ঞতা তুলে ধরে সাবেক এই উপদেষ্টা বলেন, ‘ওই সময় আমরা নগদ টাকা নিয়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্য সংগ্রহের চেষ্টা করে ব্যর্থ হয়েছি।
প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, আভাস পাওয়া যাচ্ছে আগামী বাজেটের আকার চলতি বাজেটের চেয়ে ১৬ শতাংশ বেড়ে ২ লাখ ৯০ হাজার কোটি টাকা হতে পারে। সেটি হলে কৃষি খাতে বরাদ্দ বাড়াতে হবে ২৬ শতাংশের বেশি। এর মধ্যে ১০ শতাংশ ব্যয় করতে হবে হরতাল-অবরোধে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য।
বিআইডিএসের সাবেক গবেষক প্রতিমা পাল মজুমদার বলেন, কৃষিতে নারীর অংশগ্রহণ ধারাবাহিকভাবে বাড়ছে। কিন্তু কৃষির নানা সুবিধা ও স্বীকৃতি তাঁরা পাচ্ছেন না।
বাজেট সামনে রেখে মূল প্রবন্ধে কিছু সুপারিশ তুলে ধরা হয়। এর মধ্যে কৃষকের পক্ষে দর-কষাকষির জন্য কার্যকর সংগঠন গড়ে তোলা, কৃষি উপকরণ সহজলভ্য করা, কৃষিতে বিনিয়োগ বৃদ্ধি, কৃষিপণ্যের লাভজনক মূল্য নিশ্চিত করা, কৃষি গবেষণা ও প্রযুক্তি খাতে সহায়তা বাড়ানো, কৃষিতে নিয়োজিত নারীর স্বীকৃতি ও সহায়তা কর্মসূচিতে তাদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা।