এ সপ্তাহের সাক্ষাৎকার: দেশের চলমান রাজনৈতিক অস্থিরতার পরিপ্রেক্ষিতে আগামী ২০১৩-১৪ অর্থবছরের বাজেটের ঝুঁকির দিকগুলো নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক তৌফিক আহমেদ চৌধূরী
আগামী বাজেটে খুব বেশি কিছু করার সুযোগ নেই
প্রথম আলো: সরকার ২০১৩-১৪ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে। ইতিমধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আপনাদের সঙ্গে আলোচনাও করেছেন। এই বাজেটের প্রধান চ্যালেঞ্জগুলো কী কী?তৌফিক আহমেদ চৌধূরী: যে সময় অর্থমন্ত্রীকে বাজেট করতে হচ্ছে, সেই সময়টাই ঝুঁকিপূর্ণ। এটাই একটা বড় চ্যালেঞ্জ। প্রকৃতপক্ষে গতবারই তিনি নির্বাচনী বাজেট দিয়ে ফেলেছেন। এটা অর্থমন্ত্রীও বলেছেন। তাই এখন একটি ধারাবাহিকতার বাজেট করার কথা এসেছে। এটা ঠিক যে এই সরকারকে ষষ্ঠ পঞ্চবার্ষিক পরিকল্পনা ও রূপকল্প ২০২১-এর আলোকে বাজেট করতে হবে। তবে তাতে আসলে খুব বেশি কিছু করার সুযোগ নেই। বরং একটা নমনীয় ধাঁচের বাজেট করা গেলে পরবর্তী সময়ে যে সরকার আসবে, তার পক্ষে সমন্বয় সাধন করা সহজ হবে।প্রথম আলো: আপনি বললেন যে বেশি কিছু করার সুযোগ নেই। এটা কেন?তৌফিক আহমেদ চৌধূরী: বর্তমানে রাজনৈতিক অস্থিরতা ও বৈরিতা যে মাত্রায় উপনীত হয়েছে, তা আর যা-ই হোক কোনো বিনিয়োগবান্ধব পরিবেশ বজায় রাখতে সহায়ক নয়। আর আমাদের প্রবৃদ্ধি হচ্ছে প্রধানত বিনিয়োগ বাড়িয়ে, পুঁজির সঞ্চয়ন ঘটিয়ে। এখানে উৎপাদনশীলতা সেভাবে বাড়ছে না। এখন প্রতিকূল বা বৈরী পরিবেশে রাষ্ট্রীয় বা বেসরকারি কোনো বিনিয়োগও সেভাবে বাড়বে না। আর বিনিয়োগ করা না গেলে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা যাবে না। সে কারণেই বেশি কিছু করার সুযোগ আছে বলে মনে হয় না। প্রথম আলো: উৎপাদনশীলতায় অগ্রগতি না হওয়ার কারণগুলো কী কী?তৌফিক আহমেদ চৌধূরী: একাধিক কারণ আছে। কৃষি খাতে উৎপাদনের উপকরণ বা উপাদানগুলো নিম্নমানের। আবার বাণিজ্যিক উৎপাদনও সীমিত। ফলে কৃষির উৎপাদনশীলতা সেভাবে বাড়েনি। শিল্প খাতে অবকাঠামোগত প্রতিবন্ধকতা আছে। তার ওপর এখন রাজনৈতিক অস্থিরতায় উৎপাদন ও সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। পণ্য জাহাজীকরণে বিলম্ব হচ্ছে। কার্যাদেশ কমে গিয়ে উৎপাদন কমে যাচ্ছে। একটা নাজুক পরিস্থিতিতে একদিকে বিনিয়োগ বাড়বে না, অন্যদিকে বিদ্যমান উৎপাদনও ব্যাহত হবে—এটা তো উৎপাদনশীলতাকেই ক্ষতিগ্রস্ত করবে। প্রথম আলো: রাজস্ব ব্যবস্থাপনায় সরকার কতখানি অগ্রগতি করতে পেরেছে বলে মনে করেন? তৌফিক আহমেদ চৌধূরী: অগ্রগতি অনেকটাই হয়েছে। তবে আরও অনেক কিছু করার সুযোগ ও প্রয়োজন আছে। কর আদায় বাড়াতে হলে অনলাইনে আয়কর বিবরণী দাখিল ও ইলেকট্রনিক পদ্ধতিতে লেনদেনে জোর দিতে হবে। সহজতর করতে হবে কর প্রদানের প্রক্রিয়া। ইতিমধ্যে জাতীয় রাজস্ব বোর্ড কিছু পদক্ষেপ নিয়েছে। আরও নিতে হবে। এটি সমন্বিত কার্যক্রমের বিষয়। বিপুল পরিমাণ মানুষ তাদের আয় অনুসারে কর দেয় না, এটা প্রতিষ্ঠিত সত্য। প্রথম আলো: বাজেট ঘাটতি অর্থায়ন পরিস্থিতি কি উদ্বেগজনক?তৌফিক আহমেদ চৌধূরী: না, এ বছর এখনো তেমন উদ্বেগজনক পর্যায়ে যায়নি। রাজস্ব আদায় ভালো থাকায় সরকারের ব্যাংক ঋণ গ্রহণ কমেছে। বিদেশি সাহায্য প্রবাহও কিছুটা বেড়েছে। ফলে বছর শেষে ঘাটতি অর্থায়ন লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে বলে মনে করা যায়। আসলে ঘাটতি অর্থায়নে সমস্যাটা অন্য জায়গায়। বাংলাদেশে সরকার বরাবরই সহজে ঘাটতি অর্থায়ন করতে পারে। ব্যাংক থেকে ঋণ নিয়ে বা কেন্দ্রীয় ব্যাংক থেকে টাকা ছাপিয়ে অর্থায়ন করতে পারে। এখানে কোনো সীমা টানা নেই। আবার প্রতিযোগিতাও নেই। যদি দেশে কার্যকর বন্ড বাজার গড়ে তোলা যেত, তাহলে প্রতিযোগিতামূলক সুদে সরকারকে ঋণ নিতে হতো।প্রথম আলো: বন্ড বাজার গড়ে উঠছে না কেন?তৌফিক আহমেদ চৌধূরী: সহজে ঋণ নেওয়ার সুযোগ বন্ধ করতে চায় না বলেই বন্ড বাজার গড়ে তুলতে সরকারের আগ্রহ কম। বন্ড বাজার থাকলে বেসরকারি খাতের সঙ্গে প্রতিযোগিতা করে ঋণ নিতে হবে। সুদের হার বাজারের ভিত্তিতে নির্ধারিত হবে। সে ক্ষেত্রে সরকারকে অর্থ ব্যয়ে আরও সতর্ক হতে হবে। বাজেট ব্যবস্থাপনায় অধিকতর শৃঙ্খলা আনতে হবে। এই যে প্রাইমারি ডিলার ব্যাংকগুলো ট্রেজারি বন্ড কিনেছে, কিন্তু সেকেন্ডারি বাজারে বেচাকেনা বা লেনদেন করতে পারছে না। এভাবে তাদের বিনিয়োগ নির্দিষ্ট সময়ের জন্য আটকে দিয়েছে। এটা গতিশীল আর্থিক বাজারের জন্য সহায়ক নয়।প্রথম আলো: মূল্যস্ফীতির চাপও তো কমে এসেছে। এটা কি বাজেট প্রণয়নে বিশেষ সহায়ক হবে না?তৌফিক আহমেদ চৌধূরী: হ্যাঁ, মূল্যস্ফীতির চাপ অনেকটা সহনীয় হয়ে এসেছে। আগামী কয়েক মাসে মূল্যস্ফীতি তেমন একটা ঊর্ধ্বমুখী হবে না বলেই মনে হয়। এর ফলে মূল্যস্ফীতি নিয়ে সরকারের উদ্বেগ এখন কম রয়েছে। আর তাই বাজেট প্রণয়নে অর্থমন্ত্রী কিছুটা স্বস্তির মধ্যে থাকবেন। [সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া]