আগামী বাজেটে নতুন মূসক আইন কার্যকর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী অর্থবছরের (২০১১-১২) বাজেটে মূল্য সংযোজন কর (মূসক) আইন কার্যকর হচ্ছে। ১৫ জানুয়ারি এই আইনের খসড়া জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তারপর খসড়ার ওপর মতামত নেওয়া হবে। গতকাল মঙ্গলবার অনলাইনে ভ্যাট নিবন্ধন ও দাখিলের পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধনকালে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এসব কথা বলেন। প্রাথমিকভাবে বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ) ও কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটে (ঢাকা দক্ষিণ) অনলাইনে মূসক নিবন্ধন গ্রহণ ও দাখিলপত্র প্রেরণ করা যাবে। এনবিআরের মডার্নাইজেশন অ্যান্ড অটোমেশন প্রজেক্টের (ম্যাপ) আওতায় অনলাইনে মূসক নিবন্ধন ও দাখিল কার্যক্রম শুরু হলো। এর আগে গত ৫ সেপ্টেম্বর অনলাইনে ব্যক্তিশ্রেণীর বার্ষিক আয়কর বিবরণী দাখিলের কার্যক্রম শুরু হয়। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ, এনবিআর চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনার (ঢাকা দক্ষিণ) আবদুল কাফী প্রমুখ। সভাপতিত্ব করেন এনবিআরের সদস্য (মূসক) আবদুল মান্নান পাটোয়ারী। অর্থমন্ত্রী বলেন, ‘এ বছর ১১ লাখ করদাতা আয়কর দিয়েছেন। আর প্রায় সাত লাখ প্রতিষ্ঠান মূসক দিয়েছেন। ১৬ কোটি মানুষের দেশে এই কর দেওয়ার প্রবণতার হার অত্যন্ত হতাশাজনক।’ তিনি আরও জানান, রাজস্ব কর্মকর্তাদের সঙ্গে করদাতাদের দেখা হওয়ার সুযোগ যত কম হবে ততই মঙ্গল। করদাতাদের হয়রানি ঠেকাতে এখন তথ্যপ্রযুক্তির ব্যবহার বাড়ানো হচ্ছে। এ কে আজাদ বলেন, এ দেশে সাংসদেরা শুল্কমুক্ত সুবিধায় গাড়ি ব্যবহার করেন। অথচ তাঁরা সংসদে যান না। ব্যবসা-বাণিজ্য ধ্বংস হয়, বিনিয়োগ বাধাগ্রস্ত হয়—এমন রাজনৈতিক কর্মসূচি দেন তাঁরা।নাসির উদ্দিন আহমেদ বলেন, এনবিআর বছরে ৭২ হাজার কোটি টাকা রাজস্ব আদায় করছে। ২০১২-১৩ সালের মধ্যে তা এক লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে তিনি আশা প্রকাশ করেন। অনলাইন পদ্ধতি: এনবিআরের মূসক কার্যক্রম সহজ করতে ম্যাপের আওতায় ‘বাংলাদেশ ভ্যাট সিস্টেম’ নামে একটি সফটওয়্যার তৈরি করা হয়েছে। এই সফটওয়্যারে অনলাইনে মূসক নিবন্ধনের ব্যবস্থা রয়েছে। www.nbr.gov.bd এই ওয়েবসাইটে লগইন করে অনলাইনে মূসক নিবন্ধন নেওয়া যাবে। ওয়েবসাইটের হোমপেজে থাকা ‘ভ্যাট’ প্রতীকে ক্লিক করে বাংলাদেশ ভ্যাট সিস্টেমে প্রবেশ করতে হবে। সেখানে থাকা আবেদনপত্রে ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম, ব্যবসায় পরিচালনার ঠিকানা, প্রধান কার্যালয়ের ঠিকানা, স্থায়ী ঠিকানা, ব্যাংক হিসাব নম্বর, সহযোগী প্রতিষ্ঠান, করদাতার শ্রেণীবিভাজন, কর শনাক্তকরণ নম্বর, যে ধরনের পণ্য উৎপাদন বা সেবা প্রদান করা হয় তার বিবরণ দিতে হবে।