আগামী বাজেটে নতুন মূসক আইন নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে আসন্ন ২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেট অধিবেশনে প্রস্তাবিত মূল্য সংযোজন কর (মূসক) আইন অনুমোদনের জন্য উঠছে না। এতে আগামী অর্থবছর থেকে নতুন মূসক আইন কার্যকর করার বিষয়টি অনিশ্চিত হয়ে গেল। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এসব তথ্য জানা গেছে। গত জানুয়ারি মাসে মূসক আইনের খসড়া প্রকাশ হয়েছে। আগামী অর্থবছর থেকে মূসক আইন কার্যকর করার ঘোষণা দেওয়া হয়েছিল তখনই। আর এ সময়ের মধ্যে ব্যবসায়ীসহ সব শ্রেণী-পেশার মানুষের মতামত নিয়ে খসড়া আইনটি চূড়ান্ত করার কথা ছিল।ব্যবসায়ীদের আপত্তির মুখেই আগামী বাজেট অধিবেশনে প্রস্তাবিত মূসক আইন অনুমোদনের জন্য উঠছে না। প্রস্তাবিত আইনের খসড়ায় মূসক ফাঁকি দিলে জেল-জরিমানা, মূসক কর্মকর্তাদের ঐচ্ছিক ক্ষমতা দেওয়াসহ বিভিন্ন বিধানের সঙ্গে ব্যবসায়ীরা একমত হননি। এ ছাড়া ব্যবসায়ীরা সহজ প্রক্রিয়ায় মূসক দিতে চান। ব্যবসায়ীরা চান আইনের খসড়ার আরও যাচাই-বাছাই।অন্যদিকে আইন প্রণয়নে যথেষ্ট প্রস্তুতিও নেই এনবিআরের। এখনো প্রস্তাবিত মূসক আইনের বাংলা অনুবাদ সম্পন্ন হয়নি। নতুন মূসক আইন বাস্তবায়নে তথ্য-প্রযুক্তির ব্যবহার করার কথা বলা হলেও, এখন পর্যন্ত তা নিশ্চিত করা সম্ভব হয়নি। ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত নিয়ে খসড়াটি সংশোধন বা চূড়ান্ত করতে পারেনি এনবিআর। এ প্রসঙ্গে এনবিআরের সদস্য (মূসক) আবদুল মান্নান পাটোয়ারী প্রথম আলোকে বলেন, মূসক আইনটি সংসদে অনুমোদনের জন্য উত্থাপনের বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্ত। তবে আইনটি অনুমোদনের জন্য সংসদে পাঠানোর বিষয়ে এনবিআর প্রস্তুত রয়েছে বলে তিনি অভিমত দেন।অবশ্য অর্থমন্ত্রী তাঁর বাজেট-বক্তৃতায় নতুন মূসক আইনের নানা দিক তুলে ধরবেন। এ ছাড়া উপজেলা পর্যায়ে মূসক অফিস স্থাপনসহ এ খাতের সম্প্রসারণের পরিকল্পনাও তুলে ধরবেন অর্থমন্ত্রী। এরই মধ্যে সচিব কমিটি কাস্টম ও মূসক প্রশাসনের নতুন জনবল কাঠামো অনুমোদন করেছে। প্রধানমন্ত্রীর অনুমোদন, অর্থ মন্ত্রণালয়ের বরাদ্দসহ নতুন জনবল কাঠামো অন্তর্ভুক্ত করতে আরও সময় লাগবে বলে জানান মূসক কর্মকর্তারা। এনবিআরের সূত্রগুলো বলছে, বাজেট অধিবেশনের পরের অধিবেশনে মূসক আইনটি অনুমোদনের জন্য সংসদে তোলা হতে পারে।প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে আয়কর ও মূসক—এ দুটি আইনের খসড়া প্রকাশ করে এনবিআর। আয়কর আইনটি ২০১২-১৩ অর্থবছর থেকে কার্যকরের ঘোষণা রয়েছে। এ সময়ের মধ্যে সব শ্রেণী-পেশার মানুষের জন্য খসড়া আইনটির ওপর মতামত নেওয়ার কথা রয়েছে। খসড়ায় যা রয়েছে: ২১টি অনুচ্ছেদে ১৯৩টি শাখা রয়েছে প্রস্তাবিত মূসক আইনে। এসব অনুচ্ছেদের নিবন্ধন প্রক্রিয়া, মূসক আরোপ, আমদানি পর্যায়ে মূসক, সরবরাহ পর্যায়ে মূসক, মূসক নির্ধারণ কৌশল, সম্পূরক শুল্ক, টার্নওভার ট্যাক্সসহ বিভিন্ন বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।এ ছাড়া মূসক আইনের খসড়া অনুযায়ী কোনো ব্যক্তি মূসক আরোপযোগ্য হওয়ার পরও মূসক নিবন্ধন না নিলে জেল-জরিমানা আরোপের বিধান রাখা হয়েছে। সর্বনিম্ন এক লাখ থেকে সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করার ক্ষমতা দেওয়া হয়েছে আইনে। এমনকি পাঁচ বছরের জেল-দণ্ডের বিধানও রাখা হয়েছে।মূসক কর্মকর্তাদের বেশ কিছু ক্ষমতাও দেওয়া হয়েছে। কোনো ব্যবসায়ীর কাছে গিয়ে মূসক নিবন্ধন দেখতে চাইতে পারবেন তাঁরা। ওই ব্যবসায়ী যদি মূসক নিবন্ধন সনদপত্র দেখাতে না পারেন, তাহলে ৫০ হাজার থেকে এক লাখ টাকা জরিমানা করার ক্ষমতা আইনে দেওয়া হয়েছে। এমনকি ছয় মাস পর্যন্ত জেল দেওয়ার বিধানও রাখা হয়েছে। মূসক বিবরণী জমা না দিলে স্বয়ংক্রিয়ভাবে ২৫ হাজার টাকা জরিমানার প্রস্তাব করা হয়েছে খসড়ায়। এমনকি সর্বোচ্চ এক বছর জেল-দণ্ডের বিধানও রাখা হয়েছে।