আগামী মার্চে সাভারে ট্যানারি স্থানান্তর শুরু
সাভারের চামড়া শিল্পনগরে নির্মাণাধীন কারখানাগুলোতে আগামী বছরের মার্চের মধ্যে চামড়া প্রক্রিয়াজাতকরণের কাজ শুরু হবে। শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক সেমিনারে গতকাল সোমবার এমন ঘোষণা দিয়েছেন ট্যানারি মালিকেরা।
সেমিনারে ট্যানারি মালিকদের পক্ষে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি এম আবু তাহের বলেন, হাজারীবাগ থেকে সব ট্যানারি স্থানান্তরে উদ্যোক্তারা আন্তরিকতার সঙ্গে কাজ করছেন। আগামী বছরের মার্চের মধ্যে চামড়া শিল্পনগর কর্মচঞ্চল হয়ে উঠবে। তিনি বলেন, বর্ষা মৌসুমের কারণে বেশ কিছুদিন ধরে কারখানার নির্মাণকাজ কিছুটা শ্লথ হলেও বর্ষা শেষে কাজের গতি বাড়িয়ে দ্রুত নির্মাণকাজ শেষ করা হবে।
সেমিনারের সভাপতি শিল্পসচিব মোশাররফ হোসেন ভূঁইয়া নির্ধারিত সময়ের মধ্যে শিল্পনগরে কারখানার নির্মাণকাজ শেষ করতে ট্যানারি মালিকদের তাগিদ দেন। তিনি বলেন, কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের (সিইটিপি) নির্মাণ শেষ হওয়ার আগেই সব ট্যানারি হাজারীবাগ থেকে সাভারে স্থানান্তর শেষ করতে হবে। কোনো ট্যানারি মালিক এতে ব্যর্থ হলে, তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
‘চামড়া শিল্পনগরী, ঢাকা এর বাস্তবায়ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা’ শীর্ষক সেমিনারটির আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট অ্যান্ড পলিসি। এতে সহায়তা করে এশিয়া ফাউন্ডেশন।
সেমিনারে সিইটিপির চীনা নির্মাতা ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মিন ঝু সিইটিপির নির্মাণে বিলম্ব হওয়ায় দুঃখ প্রকাশ করেন। জানান, এ বছরের নভেম্বরের মধ্যে এর নির্মাণ শেষ হবে।
সিইটিপির নির্মাণকাজটি দেখভাল করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক দেলোয়ার হোসেন। তিনি বলেন, সিইটিপির নির্মাণকাজে ব্যবহৃত পাইপ ও অন্যান্য সামগ্রীর মান যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে।
সেমিনারে বক্তব্য দেন প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান আহমেদ হোসেন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম আবু ইউসুফ প্রমুখ।