আগামী মার্চের মধ্যে সাভারে ট্যানারি স্থানান্তর

২০১৫ সালের মার্চ মাসের মধ্যে রাজধানীর হাজারীবাগ থেকে সাভারের চামড়াশিল্প নগরে সব ট্যানারি স্থানান্তর শেষ করতে ট্যানারির মালিকেরা সম্মত হয়েছেন। এপ্রিল থেকেই শিল্পনগরে পরিবেশবান্ধব চামড়া ও চামড়াজাত পণ্য উত্পাদন শুরু হবে।
আজ বৃহস্পতিবার সাভারের চামড়াশিল্প নগর এলাকায় এক ব্রিফিংয়ে এ কথা বলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সাভারে বাস্তবায়নাধীন চামড়াশিল্প নগরের অগ্রগতি পর্যালোচনা ও ট্যানারি স্থানান্তর কার্যক্রম পরিদর্শন উপলক্ষে আয়োজিত বৈঠক শেষে এ ব্রিফিং করা হয়।
এ সময় পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ ফজলে নূর তাপস ও এনামুর রহমান, বিসিক চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইসুল আলম মণ্ডল, অতিরিক্ত শিল্পসচিব সুষেন চন্দ্র দাস প্রমুখ উপস্থিত ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, ২০১৫ সালের মার্চের মধ্যেই কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) চালু হবে। এর নির্মাণকাজ দ্রুত এগিয়ে চলছে। তিনি বলেন, সিইটিপি চালু হলে, পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নতমানের চামড়াজাত পণ্য উত্পাদন সম্ভব হবে। চামড়াশিল্প খাতে মূল্য সংযোজনের সুযোগ বেশি থাকায় ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা অর্জনের ক্ষেত্রে এ শিল্প খাত তৈরি পোশাকশিল্পের বিকল্প হতে পারে।
আমির হোসেন আমু ট্যানারি স্থানান্তরে মালিকদের কালক্ষেপণ না করে স্থানান্তরপ্রক্রিয়া শুরুর আহ্বান জানিয়ে বলেন, নির্ধারিত সময়ে ট্যানারি স্থানান্তর না হলে এ শিল্পের সঙ্গে জড়িত উদ্যোক্তাদের পাশাপাশি দেশও ক্ষতিগ্রস্ত হবে। তিনি বিসিক অনুমোদিত লে-আউট অনুযায়ী বরাদ্দ করা প্লটে নির্মাণকাজ শুরু করার তাগিদ দেন।