আগামী মাসে আরব আমিরাতের সঙ্গে দ্বৈতকর পরিহার চুক্তি হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বৈতকর পরিহার চুক্তি হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরকালে দুই দেশের মধ্যে এই চুক্তি হবে। এই চুক্তি হলে সংশ্লিষ্ট দেশের নাগরিকদের আয়ের ওপর আর দুইবার কর দিতে হবে না। নিজের দেশে আয়কর দিলেই চলবে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, চলতি বছরের গোড়ার দিকে দ্বৈতকর পরিহারের আলোচনা শুরু হয়। প্রায় এক বছর ধরে চুক্তির ধারা ও বিষয়বস্তু নিয়ে উভয় পক্ষের মধ্যে আলোচনা হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে শুধু ওমানের সঙ্গে দ্বৈতকর পরিহার চুক্তি রয়েছে। ২৩ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কোয়াউনাইন এক চিঠিতে এনবিআর চেয়ারম্যানকে চুক্তির প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অনুরোধ জানান। চিঠিতে তিনি উল্লেখ করেন, চুক্তির খসড়া মন্ত্রিপরিষদ সভায় অনুমোদনের প্রয়োজনীয়তা রয়েছে। দীর্ঘ সময় ধরে ফলপ্রসূ আলোচনার পর উভয় পক্ষ একমতে পৌঁছাতে পেরেছে বলে চিঠিতে বলা হয়। প্রসঙ্গত, আগামী ১৫-১৮ জানুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংযুক্ত আরব আমিরাত সফরের কথা রয়েছে। বিশ্বমন্দার অভিজ্ঞতায় সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো অভ্যন্তরীণ খাত থেকে বেশি সম্পদ আহরণের কথা চিন্তা করছে। এতে সেখানে কর্মরত বিদেশি শ্রমিকদের আয়ের ওপর কর আরোপ করা হতে পারে। এতদিন সংযুক্ত আরব আমিরাতে বিদেশি শ্রমিকদের কোনো কর দিতে হতো না। অন্যদিকে বাংলাদেশেও সংযুক্ত আরব আমিরাতের বড় বড় ব্যবসায়ী প্রতিষ্ঠান বিনিয়োগ করতে আগ্রহী রয়েছে। যেকোনো দ্বৈতকর পরিহার চুক্তির প্রধান ধারাগুলো হলো, করব্যবস্থার বিভিন্ন তথ্য আদান-প্রদান, কর আদায়ে সহায়তা, সার্ভিস অব ডকুমেন্ট, বিনিয়োগ বৃদ্ধিতে কর প্রশাসনের সহায়তা এবং ছাত্র, শিক্ষক, গবেষকদের আয়কর অব্যাহতি ইত্যাদি। দ্বৈতকর পরিহার চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত এসব সহায়তা পাবে। বর্তমানে চিকিৎসক, প্রকৌশলীসহ সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশি পেশাজীবী ও শ্রমিকদের আয়ের ওপর আর কর দিতে হবে না। বর্তমান ব্যবস্থায় বিদেশি কোনো নাগরিক কর ফাঁকি দিয়ে পালিয়ে গেলে সংশ্লিষ্ট দেশের পক্ষে ওই নাগরিকের কাছ থেকে কর আদায় করা সম্ভব নয়। কিন্তু দ্বৈতকর পরিহার চুক্তির আওতায় ওই দেশ সংশ্লিষ্ট বিদেশি নাগরিকের দেশের কর্তৃপক্ষের কাছে কর আদায়ে যাবতীয় সহযোগিতা চাইতে পারবে। তারাও চুক্তি অনুযায়ী সব ধরনের সাহায্য প্রদানে বাধ্য থাকবে। আবার দ্বৈতকর চুক্তি কার্যকর হলে বিনিয়োগকারীরা যে দেশে বিনিয়োগ করবেন, তাঁরা একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আয়কর অব্যাহতি পাবেন। এই ধারায় সংযুক্ত আরব আমিরাতের বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করলে তার ওপর কর অব্যাহতি পাবেন। শুধু সুদ ও রয়্যালটি থেকে তাঁদের প্রাপ্ত আয়ের ওপর বাংলাদেশে কর দিতে হবে। আবার দুই দেশের নাগরিকেরা অন্য দেশে থাকা স্থাবর ও অস্থাবর সম্পত্তি বিক্রি করলে যে দেশে মূলধনী মুনাফা লাভ করবে সেখানেই তাঁদের কর দিতে হবে। এতদিন আরব আমিরাত প্রচলিত নিয়মের বাইরে বিনিয়োগকারীদের আয়কর অব্যাহতি চেয়ে আসছিল।চুক্তি অনুযায়ী কোনো দেশের করসংক্রান্ত নতুন আইন প্রণয়ন বা সংশোধন করা হলে অন্য দেশকে অবশ্যই জানাতে হবে। এনবিআরের আয়কর বিভাগের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, এই দ্বৈতকর পরিহার চুক্তি থেকে আপাতদৃষ্টিতে বাংলাদেশি শ্রমিকেরা খুব একটা লাভবান হবেন না। তবে বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে বেশ কাজে লাগবে। বর্তমানে ২৯টি দেশের সঙ্গে বাংলাদেশের দ্বৈতকর পরিহার চুক্তি রয়েছে। দেশগুলো হলো—যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, সিঙ্গাপুর, সুইডেন, কোরিয়া, কানাডা, পাকিস্তান, রোমানিয়া, শ্রীলঙ্কা, ফ্রান্স, মালয়েশিয়া, জাপান, ভারত, জার্মানি, নেদারল্যান্ডস, ইতালি, ডেনমার্ক, চীন, বেলজিয়াম, থাইল্যান্ড, পোল্যান্ড, ফিলিপাইন, ভিয়েতনাম, তুরস্ক, নরওয়ে, ইন্দোনেশিয়া, মায়ানমার, ওমান ও সুইজারল্যান্ড।