আগামী মাসেই চূড়ান্ত হবে শিল্পনীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিল্প খাতের বিভিন্ন দিক ও শিল্পায়নে সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। সাক্ষাৎকার নিয়েছেন সুনীতি বিশ্বাসশিল্পনীতি চূড়ান্ত হচ্ছে কবে? কী কারণে এত দেরি হচ্ছে?প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী ইশতেহারে শিল্পসমৃদ্ধ ও ডিজিটাল বাংলাদেশ গঠনের ওয়াদা করেছিলেন। তিনি এও উল্লেখ করেছিলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে শিল্পোন্নত মধ্যম আয়ের দেশে রূপান্তর করা হবে। এসব লক্ষ্য সামনে রেখে ইউএনডিপির সহায়তায় শিল্প মন্ত্রণালয় একটি পূর্ণাঙ্গ শিল্পনীতি প্রণয়নের কাজ গত ডিসেম্বরে শেষ করেছে। শিল্পনীতিতে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি ভিশন (লক্ষ্য) হচ্ছে বেসরকারি উদ্যোক্তাদের উন্নয়ন। এতে ক্ষুদ্র ও কুটিরশিল্প খাতকে অগ্রাধিকার দিয়ে মাঝারি শিল্পকে গুরুত্ব দেওয়া হয়েছে। চূড়ান্ত লক্ষ্য হলো ক্রমান্বয়ে বড় শিল্পের বিকাশ ঘটানো এবং জনগণের কর্মসংস্থান। আমরা বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে শিল্পনীতির খসড়া চূড়ান্ত করেছি। খসড়াটি মন্ত্রিপরিষদের অর্থনৈতিক কমিটিতে পাঠানোর আগে প্রধানমন্ত্রীর নির্দেশে জনসাধারণকে জানানোর জন্য পত্রিকা মারফত ঘোষণা দিয়ে শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সংযোজনও করা হয়। খসড়ার ওপর যেসব অভিমত ও পর্যালোচনা পাওয়া গেছে, সেসব বিবেচনায় নিয়ে শিল্পনীতিকে অধিকমাত্রায় সংবেদনশীল ও গণমুখী করার জন্য বিভিন্নভাবে পরীক্ষা-নিরীক্ষার জন্য চূড়ান্ত করতে একটু প্রলম্বিত হচ্ছে। তবে জুলাই মাসের মধ্যে শিল্পনীতি চূড়ান্ত হবে।ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়নে দীর্ঘমেয়াদি কী কী পরিকল্পনা নেওয়া হচ্ছে?আমাদের দেশে সনাতনীভাবে ক্ষুদ্র ও কুটিরশিল্প অবস্থান করছে। এটি কর্মসংস্থানের অন্যতম উৎস। এত দিন এ খাতের উদ্যোক্তারা জামানত ছাড়া ব্যাংক ঋণ পেতেন না। বর্তমান প্রধানমন্ত্রীর নির্দেশে শিল্প মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংক থেকে দেশের ক্ষুদ্র ও কুটিরশিল্পের উদ্যোক্তাদের জামানতবিহীন ঋণের ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ব্যাংকের শাখায় এসএমই (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) বুথ স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এর ফলে সারা দেশে এসএমই শিল্পোদ্যোক্তাদের মধ্যে গতির সঞ্চার হয়েছে। দেশের ক্ষুদ্র ও কুটিরশিল্প উন্নয়নে বিসিক ভূমিকা রাখতে পারছে না কেন?জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগে পাকিস্তান আমলেই বাঙালিদের মধ্যে শিল্পোদ্যোক্তা তৈরির লক্ষ্যে যে সংস্থা গঠিত হয়, তা-ই বাংলাদেশ স্বাধীন হওয়ার পর বিসিক (বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন) নামে পুনর্গঠিত হয়। কিন্তু পরিচালকমণ্ডলীর উদাসীনতা ও ব্যক্তিস্বার্থ প্রাধান্য পাওয়ায় শিল্প প্রতিষ্ঠায় বিসিক কাঙ্ক্ষিত ভূমিকা রাখতে পারেনি। আমরা ক্ষমতায় আসার পর বস্তুত একটা রুগ্ণ প্রতিষ্ঠান হিসেবে বিসিককে পেয়েছি। কয়েকটি পদ ছাড়া সবই অস্থায়ী। অনেকে দীর্ঘ ২৫-৩০ বছর চাকরি করে অস্থায়ী হিসেবে অবসর নিয়েছেন। আমরা ওই সব পদ স্থায়ী করার ব্যবস্থা করেছি। বিসিক শিল্পনগরের শিল্পকারখানা থেকে সরকার বছরে ভ্যাট ও কর বাবদ এক হাজার ৮০০ কোটি টাকা পায়। কিন্তু শিল্পনগরগুলোর সুষ্ঠু সংস্কার ও সুষ্ঠু পরিচালনা হয়নি। বর্তমান সরকার বিসিক শিল্প এলাকাগুলোতে বিভিন্ন অবকাঠামো গঠনের উদ্যোগ নিয়েছে। কিছু অঞ্চল সম্প্রসারণে প্রকল্পও গ্রহণ করা হয়েছে। বিসিকের পাশাপাশি জনসম্পদ তৈরির জন্য বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট সেন্টারের (বিটাক) উদ্যোগে ১০ হাজার নারী-পুরুষকে কারিগরি প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে।রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো বেসরকারীকরণের বিষয়ে আপনি আপত্তি জানিয়েছিলেন। এখন কী ভাবছেন?রাষ্ট্রায়ত্ত কারখানা সম্পর্কে আমাদের দেশের সুষ্ঠু ও বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গি ছিল না। কিছু কায়েমি স্বার্থবাদী পানির দামে এসব রাষ্ট্রায়ত্ত কারখানা কেনার লোভে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি করে। আর যেসব রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সুষ্ঠু পরিচালনা তথা উন্নত ব্যবস্থাপনার জন্য ব্যক্তি খাতে দেওয়া হয়েছিল তার অধিকাংশই বন্ধ হয়েছে। চুক্তি বরখেলাপ করে ব্যক্তি উদ্যোক্তারা নিজেদের হীন স্বার্থ রক্ষা করেছে, লুটপাট করেছে। ব্যাংক থেকে বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক থেকে এসব ওই প্রতিষ্ঠানের বিপরীতে বড় অঙ্কের ঋণ নিয়ে সেগুলো খেলাপি করে ফেলে। এতে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোও রুগ্ণ হয়। অর্থাৎ কইয়ের তেল দিয়ে কই ভেজে ব্যক্তিস্বার্থ চরিতার্থ করা হয়েছে। শ্রমিক ছাঁটাই করা হয়েছে। ওই প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে অন্য জায়গায় নতুন শিল্প প্রতিষ্ঠান করা হয়েছে।আজকের বিশ্ব অর্থনৈতিক মন্দার পরিপ্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রসহ অন্যান্য পশ্চিমা বিশ্ব তাদের দেউলিয়া হয়ে যাওয়া প্রতিষ্ঠান সুরক্ষায় জন্য এগিয়ে এসেছে। তাতে এ সত্য প্রতিপাদ্য হচ্ছে রাষ্ট্রীয় মালিকানায় শিল্পপ্রতিষ্ঠান প্রয়োজন রয়েছে। আমি বেসরকারীকরণের নামে লুটপাটের বিরোধিতা করেছি। এখনো করছি। বর্তমানে শিল্প মন্ত্রণালয়ের মালিকানাধীন চিনি শিল্প ব্যতীত সব প্রতিষ্ঠান লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তরিত হয়েছে। তাই দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে কাজ করলে উন্নত ব্যবস্থাপনার মাধ্যমে রাষ্ট্রীয় শিল্প প্রতিষ্ঠান লাভজনকে পরিণত করা সম্ভব।বাজেটে শিল্প খাতের জন্য যেসব প্রস্তাব করা হয়েছে, তা কতটা শিল্প-সহায়ক হবে?বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর অর্থমন্ত্রী দুটি বাজেট দেশবাসীকে উপহার দিয়েছেন। দুটোই শিল্পবান্ধব। প্রথম বাজেটে দেশীয় শিল্পকে সুরক্ষার জন্য অনেক পদক্ষেপ ছিল। দ্বিতীয় বাজেটে আমদানি-বিকল্প শিল্পকে সুরক্ষা দিয়ে মৌলিক কাঁচামাল ও মূলধনী যন্ত্রপাতির আমদানি-শুল্ক কমানো হয়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য গ্যাসের সরবরাহ বাড়াতে ব্যবসায়ী-উদ্যোক্তাদের দাবির পরিপ্রেক্ষিতে সারকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়। এটা কতখানি সুফল দিয়েছে? আমাদের সার কারখানাগুলো শিল্প মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত হয়ে থাকে। আর সারের ব্যবহারকারী মন্ত্রণালয় হলো কৃষি মন্ত্রণালয়। সুষ্ঠু সময়ে উৎপাদন, বিপণন, বিতরণ ও সংগ্রহ ব্যবস্থাপনায় কোনো ঘাটতি সৃষ্টি হলে কৃষকদের হাতে সার সঠিক সময় সুষ্ঠুভাবে পৌঁছে দেওয়া খুবই সমস্যা। ফলে খাদ্য উৎপাদনে বিরূপ প্রভাব সৃষ্টি হতে পারে, যা সরকারের জন্য কোনো অবস্থায় কাম্য নয়। আবার সারকারখানা দীর্ঘদিন বন্ধ থাকলে অনেক মূল্যবান স্পর্শকাতর যন্ত্রপাতি নষ্ট হয়ে যেতে পারে। সর্বোপরি প্রায় ২৯ লাখ টন সারের চাহিদা আমদানি দিয়ে পূরণ করা সম্ভব নয়। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে মূল মৌসুমে দামের ঊর্ধ্বগতির হয়ে থাকে বিধায় সার সরবরাহ করতে সমস্যা দেখা দেয়। সার ব্যবসায়ীরাও সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরি করতে পারে। কাজেই সারকারখানায় গ্যাস সরবরাহ প্রয়োজন। আমি আশা করি, দ্রুত বন্ধ কারখানাগুলো চালু হবে। বিদ্যুৎ উৎপাদনের জন্য এসব কারখানা বন্ধ রাখা হয়। কিন্তু বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকেই জেনেছি, পলাশ ও ঘোড়াশালের সারকারখানার গ্যাস বিদ্যুৎ উৎপাদনের কাজে লাগেনি। অন্য সারকারখানায় গ্যাস সরবরাহ বন্ধ থাকলেও বিদ্যুৎ উৎপাদনে উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। তাহলে এ গ্যাস গেল কোথায়? খোঁজ নিলে দেখা যাবে, বিদ্যুৎ উৎপাদনের নামে নেওয়া এসব গ্যাস শিল্পপ্রতিষ্ঠানগুলোতে অযৌক্তিকভাবে সরবরাহ করা হয়েছে।চিনির উৎপাদন বাড়াতে আপনার মন্ত্রণালয় কী কী উদ্যোগ নিয়েছে। অপরিশোধিত চিনি পরিশোধনের বিষয়টি কোন অবস্থায় রয়েছে? চিনি হচ্ছে একটা স্পর্শকাতর শিল্পপণ্য, যা গরিব থেকে ধনী সবাই ব্যবহার করে। উত্তরবঙ্গের একমাত্র ভারী শিল্প বলতে চিনি কলগুলোকে বোঝায়। চিনি শিল্পকে সুরক্ষার জন্য আখের দাম বাড়িয়ে চাষিদের উৎসাহিত করা হয়েছে। এর সুফল আগামী আখ মাড়াই মৌসুমে পাওয়া যাবে। দুটি চিনিকলে অপরিশোধিত চিনি পরিশোধন করা হবে। দুটি চিনিকলে ডিস্টিলারি প্লান্ট বসাবে। ১৫টি চিনির বয়লার থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা করা হচ্ছে। ফরিদপুরসহ অন্য চিনিকলে বিএমআরই করে উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। চাষিদের উন্নত জাতের আখের চারা সরবরাহের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ছাড়া কারখানা ব্যবস্থাপনায় অপচয় ও দুর্নীতি রোধ করে উৎপাদন-ব্যয় কমানো হয়েছে। আখের বিকল্প হিসেবে সুগার বিট চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে।