আগামী সংসদ অধিবেশনে ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট তোলা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান

জাতীয় সংসদের আগামী অধিবেশনে ফিন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট তোলা হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান। আজ বুধবার সকালে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আয়োজিত ইন্টারনেট ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম এ মান্নান এ কথা বলেন।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) স্বাধীন উল্লেখ করে এম এ মান্নান বলেন, পুঁজিবাজারসংশ্লিষ্ট যেসব আইনকানুন আছে, সেগুলো সবাই মেনে চলবেন। এ বিষয়টি নিশ্চিত করতে চায় সরকার। এর বাইরে সরকার পুঁজিবাজারে কোনো ধরনের হস্তক্ষেপ করতে চায় না। কোনো ধরনের অভিপ্রায়ও সরকারের নেই।
প্রতিমন্ত্রী আরও জানান, চীনের নেতৃত্বে বিশ্বব্যাংক ও আইএমএফের আদলে নতুন যে অবকাঠামো ব্যাংক গঠিত হতে যাচ্ছে তাতে প্রাথমিক সদস্য পদ নেবে বাংলাদেশ। এ জন্য একটি সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করতে আজই তিনি চীনের বেইজিংয়ে যাচ্ছেন। ২৪ অক্টোবর সমঝোতা চুক্তিতে বাংলাদেশ সই করবে বলেও অনুষ্ঠানে জানানো হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএসইসির চেয়ারম্যান এম খায়রুল হোসেন। তিনি তাঁর বক্তব্যে দেশের পুঁজিবাজারকে স্থিতিশীল বলে উল্লেখ করেন।

দুই দিনব্যাপী ট্রেড ফেয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএসইসির চেয়ারম্যান মো. আবদুল মজিদ। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন।