আগামী সপ্তাহে ভোজ্যতেলের দাম সহনীয় হবে: বাণিজ্যমন্ত্রী
আগামী সপ্তাহের মধ্যে ভোজ্যতেলের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। গতকাল বুধবার ডাচ্-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে তিনি সাংবাদিকদের এ কথা জানান। খবর ইউএনবির। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘আগামীকাল (আজ) ও রোববার ভোজ্যতেল ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করব। এসব বৈঠকের মাধ্যমে কেজিপ্রতি খোলা ও প্যাকেটজাত ভোজ্যতেলের দাম নির্ধারণ করতে সক্ষম হব। আগামী রোববারের পর থেকেই ভোজ্যতেলের দাম সহনীয় পর্যায়ে নেমে আসবে।’ বাণিজ্য মন্ত্রণালয়ে ডাচ্-বাংলা চেম্বারের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক হয়। বৈঠকে বাণিজ্যমন্ত্রী দুই দেশের বাণিজ্য বাড়ানোর সম্ভাবনাগুলোকে কাজে লাগিয়ে এ দেশের বস্ত্র, কৃষি প্রক্রিয়াকরণ, তথ্যপ্রযুক্তি এবং জাহাজ নির্মাণ শিল্পে যৌথ বিনিয়োগের জন্য নেদারল্যান্ডের প্রতি আহ্বান জানান।চেম্বারের সভাপতি মীর মো. ইমাম হোসেন ১০ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। এ সময় বাংলাদেশে নেদারল্যান্ড দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডি এম ডরিস ভুরব্রাক, চেম্বারের সহসভাপতি ফারুক হাসান, মহাসচিব শিমাব রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন। বর্তমানে নেদারল্যান্ডের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্যের ভারসাম্য বাংলাদেশের অনুকূলে রয়েছে। ২০০৯-২০১০ অর্থবছরে নেদারল্যান্ডে বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ১০ কোটি ১৬ লাখ ডলার। একই সময়ে সে দেশ থেকে আমদানির পরিমাণ ছিল এক কোটি ২৮ লাখ ডলার।