আগামী ২০ বছর গুরুত্বপূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২০ বছর জনসংখ্যা বোনাসের সর্বোচ্চ সুবিধা ভোগ করবে বাংলাদেশ। কারণ, এ সময়ে দেশের মোট জনগোষ্ঠীর সবচেয়ে বেশি অংশ কর্মক্ষম থাকবে। অর্থনৈতিক উন্নতির জন্য তাই এ সময়টি বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। এমন মতামতই উঠে এসেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) গবেষণায়।

 ‘জনসংখ্যা ও আবাসনশুমারি-২০১১’-এর তথ্য-উপাত্ত বিশ্লেষণ প্রতিবেদন নিয়ে রাজধানীর একটি হোটেলে গতকাল সোমবার বিবিএস এক সেমিনারের আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল আর বিশেষ অতিথি ছিলেন পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের (জিইডি) সদস্য শামসুল আলম।

অনুষ্ঠানে জানানো হয়, জনসংখ্যা ও আবাসনশুমারি-২০১১ কে কেন্দ্র করে ২০০৮ থেকে ২০১৫ সালে বিবিএস কী কী গবেষণাকাজ করেছে, সেগুলোর বিস্তারিত তুলে ধরাই এই আয়োজনের উদ্দেশ্য। এসব গবেষণার তথ্য-উপাত্ত গতকাল থেকেই সাধারণের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হয়। এ কাজে কারিগরি সহায়তা দিয়েছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) ও ইউরোপীয় ইউনিয়ন।

২০১১ থেকে ২০৬১ সাল পর্যন্ত বাংলাদেশের জনসংখ্যা কত হবে, সেটির একটি তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরা হয় অনুষ্ঠানে। এতে বলা হয়, ২০৬১ সালে বাংলাদেশের মোট জনসংখ্যা দাঁড়াবে ২২ কোটি ৩৪ লাখ। এর মধ্যে ১৫ থেকে ২৯ বছর বয়সী জনগোষ্ঠীর সংখ্যা হবে ৪ কোটি ২০ লাখ। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ১৪ কোটি ৯৮ লাখ, এর মধ্যে ১৫-২৯ বছর বয়সী জনগোষ্ঠী ৪ কোটি ১২ লাখ। তরুণ কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যা ২০২৬ সালে দাঁড়াবে ৫ কোটি ৮ লাখ। এ সময়ে দেশের মোট কর্মক্ষম জনগোষ্ঠীর সংখ্যাও হবে সর্বোচ্চ।

পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল বলেন, ‘দেশকে অর্থনৈতিকভাবে উন্নত করতে সরকার বিভিন্ন দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে। অর্থনৈতিক অগ্রগতি নির্ধারণে বিশ্বব্যাংক ও জাতিসংঘের নানা ধরনের পদ্ধতি আছে। এর মধ্যে কোনটিকে আদর্শ ধরে আমরা এগোব, সেটা নিয়ে অনেক সময় অনিশ্চয়তা তৈরি হয়। এটা কাটাতে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে বিবিএসের তথ্য-উপাত্তকে আমরা আদর্শ মেনে নিয়ে কাজ করতে চাই।’ এ জন্য বিবিএসের সক্ষমতা বৃদ্ধিতে জোর দেন পরিকল্পনামন্ত্রী।

জিইডি সদস্য শামসুল আলম বলেন, ২০১০ সালে সবশেষ খানা আয় ও ব্যয় জরিপ করেছে বিবিএস। পরের জরিপটি এখনো শেষ না করতে পারায় সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রার (এমডিজি) সর্বশেষ প্রতিবেদন তৈরি করা যাচ্ছে না। এটা যত দ্রুত সম্ভব শেষ করা দরকার।

তথ্য উপস্থাপনা ও পরিবেশনায় বিবিএসকে আরও দক্ষ হওয়ার পরামর্শ দিয়ে শামসুল আলম আরও বলেন, যত দ্রুত সম্ভব নির্ভরযোগ্য ও হালনাগাদ তথ্য প্রকাশ করতে হবে। ২০১১ সালের তথ্য-উপাত্ত ২০১৫ সালে এসে প্রকাশ করলে সেটির সময় উপযোগিতা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে।

তরুণ জনগোষ্ঠীর পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তুলে শামসুল আলম বলেন, ‘সংখ্যার এমন উপস্থাপনা দিয়ে আমরা কীভাবে উপকৃত হব, সে বিষয়টি এখানে পরিষ্কার হয়নি। সেটি করা হলে পরিকল্পনা বাস্তবায়নে সরকারের আরও সুবিধা হবে।’

বিবিএসের মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। এ ছাড়া অতিথি হিসেবে কথা বলেন ঢাকায় ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু, ইউএনএফপিএর বাংলাদেশ প্রধান আর্জেন্টিনা মাতাভেল পিকিন।

বক্তারা বলেন, জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অনুযায়ী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে দারিদ্র্যমুক্ত করার লক্ষ্য অর্জনে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সঠিক ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্ত। বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে বিবিএসের তথ্য-উপাত্তকেই বেশি গুরুত্ব দিতে হবে।