অগ্রাধিকারমূলক বাজারসুবিধা বা জিএসপির সঙ্গে রাজনীতি যুক্ত না হলে অচিরেই যুক্তরাষ্ট্রের বাজারে এই সুবিধা ফিরে পাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। একই সঙ্গে জিএসপি ফিরে পেতে যুক্তরাষ্ট্রের দেওয়া শর্ত আগামী ৩০ মার্চের মধ্যে পূরণ করা হবে বলে জানিয়েছেন তিনি।
রাজধানীর আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল রোববার নবম আন্তর্জাতিক প্লাস্টিক মেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এই আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ প্লাস্টিক গুডস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিপিজিএমইএ) চার দিনব্যাপী এই মেলার আয়োজন করে।
তোফায়েল আহমেদ বলেন, বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে মোট ৫৩০ কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি হয়। এর মধ্যে মাত্র তিন কোটি ডলারের পণ্য রপ্তানি হয় জিএসপির আওতায়। বাণিজ্যমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র যেসব শর্ত আরোপ করেছে, সেগুলো আগামী ৩০ মার্চের মধ্যে পূরণ করা হবে। ১৫ এপ্রিলের মধ্যে এর প্রতিবেদন যুক্তরাষ্ট্রে পাঠানো হবে।
বিপিজিএমইএর সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান সাংসদ মোর্শেদ আলম, বিপিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি এ এস এম কামাল উদ্দিন প্রমুখ।
এই মেলায় ১৫টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠান ৩০০টি স্টল, বুথ ও প্যাভিলিয়নে অংশ নেয়। এর মধ্যে দেশি-বিদেশি ছয় কোম্পানিকে পুরস্কৃত করা হয়। দেশি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, আরএফএল প্লাস্টিক ও প্লাস্টিক ইন অ্যাগ্রো।
বিদেশি তিনটি প্রতিষ্ঠান হলো ভারতের ভেনাস প্লাস্টিক মেশিনারি কোম্পানি লিমিটেড, তাইওয়ানের এক্সজাকটা মেকানিকা লিমিটেড ও চীনের নিংবো হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।