আগামীকাল জাতীয় রপ্তানি ট্রফি বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রপ্তানি-বাণিজ্যে গুরুত্বপূর্ণ অবদানের জন্য প্রতিবছরের মতো এবারও জাতীয় রপ্তানি ট্রফি আগামীকাল বুধবার আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে সকালে এই ট্রফি বিতরণ করবেন। ২০০৯-১০ অর্থবছরের রপ্তানির জন্য এটি বিতরণ করা হবে। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এই ট্রফি প্রদান অনুষ্ঠানের আয়োজন করেছে।এবার পণ্য খাত নির্বিশেষে সর্বোচ্চ রপ্তানি আয়ের জন্য স্বর্ণপদক পাচ্ছে জাবের অ্যান্ড যোবায়ের ফেব্রিক্স লিমিটেড। জাতীয় রপ্তানি ট্রফি নীতিমালা-২০০৬ অনুসারে ২৫টি পণ্য খাতের প্রতিটিতে তিনটি করে (স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ) ট্রফি প্রদানের সুযোগ রয়েছে। তবে এ বছর ২৫টি খাতের মধ্যে ২১টি পণ্য খাতে রপ্তানি ট্রফি দেওয়া হচ্ছে। বাকি চারটি পণ্যে আবেদন জমা পড়লেও ট্রফিযোগ্য প্রতিষ্ঠান পাওয়া যায়নি।ওই ২১টির মধ্যে ১৫টি পণ্য খাতে ১৫টি স্বর্ণপদক দেওয়া হবে। ১৮টি পণ্য খাতে ১৮টি রৌপ্যপদক এবং ১১টি পণ্য খাতে ১১টি ব্রোঞ্জপদক প্রদান করা হবে। তবে ২১টি খাতের মধ্যে ছয়টিতে কোনো প্রতিষ্ঠাই স্বর্ণ, তিনটিতে কোনো প্রতিষ্ঠানই রৌপ্য এবং ১০টিতে কোনো প্রতিষ্ঠানটি ব্রোঞ্জপদক পাওয়ার প্রয়োজনীয় সূচক অর্জন করেনি।যে ২৫টি পণ্য খাতে রপ্তানি ট্রফি দেওয়া হয়, সেগুলো হলো: তৈরি পোশাক, নিট পোশাক, সব ধরনের সুতা, টেক্সটাইল, ফেব্রিক্স, হোম টেক্সটাইল, হিমায়িত খাদ্য, কাঁচা পাট, পাটজাত দ্রব্য, চামড়া, চামড়াজাত দ্রব্য, পাদুকা, চা, কৃষিজ পণ্য, কৃষি প্রক্রিয়াকরণ পণ্য, ফুল, হস্তশিল্পজাত পণ্য, মেলামাইন বা প্লাস্টিকজাত পণ্য, সিরামিক, হালকা প্রকৌশল পণ্য, ইলেকট্রনিক ও ইলেকট্রনিকস পণ্য, অন্যান্য শিল্পজাত পণ্য, ওষুধজাত পণ্য, অন্যান্য রাসায়নিক পণ্য, কম্পিউটার সফটওয়্যার প্রভৃতি।