আগামীকাল থেকে চট্টগ্রামে বাণিজ্য মেলা শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাল শনিবার থেকে চট্টগ্রামে শুরু হচ্ছে মাসব্যাপী ২২তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা।
চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ মেলার আয়োজক। নগরের রেলওয়ে পলোগ্রাউন্ড মাঠে বেলা তিনটায় মেলার উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
গতকাল চট্টগ্রাম চেম্বার হাউস মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মেলা কমিটির আয়োজক ও চেম্বারের সিনিয়র সহসভাপতি নুরুন নেওয়াজ সেলিম।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল হক, মেলা কমিটি ও চেম্বারের সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ, মেলা কমিটির সহসভাপতি ও চেম্বারের পরিচালক সগীর আহমেদ, মাজহারুল ইসলাম চৌধুরী, চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ মেলায় ৩৮টি প্যাভিলিয়ন ও ২৩৯টি স্টল নিয়ে চার শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এবারও ভারত, চীন, থাইল্যান্ড, ইরান, পাকিস্তানসহ অন্যান্য প্রতিবেশী দেশও মেলায় অংশ নেবে। মেলায় আগত দর্শনার্থী ও অংশগ্রহণকারীদের জন্য নিরাপত্তাব্যবস্থা রাখা হচ্ছে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। গতবারের মতো মেলার প্রবেশমূল্য এবারও ১০ টাকা নির্ধারণ করা হয়েছে। মেলায় আসা দর্শনার্থীরা বিনা মূল্য ওয়াই-ফাই অনলাইন ব্যবহারের সুবিধা পাবেন।