আগামীকাল ব্যাংকের কিছু শাখা খোলা থাকবে
দেশের তফসিলি ব্যাংকগুলোর নির্দিষ্ট কিছু শাখা আগামীকাল বৃহস্পতিবার খোলা থাকবে। সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এসব শাখায় লেনদেন চলবে। এদিন পবিত্র শবে কদরের বন্ধ থাকায় সংশ্লিষ্ট ব্যাংকের নিজস্ব ব্যবস্থাপনায় ওই শাখাগুলো খোলা রাখা যাবে।১২ আগস্ট বাংলাদেশ ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্ট বিভাগের উপমহাব্যবস্থাপক মো. ইব্রাহিম ভূঁইয়া স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, পবিত্র ঈদুল ফিতরের আগে পোশাকশিল্প খাতের বেতন-ভাতাদি প্রদান ও লেনদেনের সুবিধার্থে আগামীকাল ঢাকা মহানগর, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা ও চট্টগ্রামের সংশ্লিষ্ট তফসিলি ব্যাংকের শাখাগুলো পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত সাপেক্ষে খোলা থাকবে।এর আগে বাংলাদেশ ব্যাংক আরেকটি প্রজ্ঞাপনের মাধ্যমে শনিবারও ব্যাংক খোলা রাখার একটি নির্দেশনা দেয়।৫ আগস্ট জারি করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, দেশের বৈদেশিক বাণিজ্য লেনদেনের সুবিধার্থে বিমান, সমুদ্র বা নৌ ও স্থলবন্ধরের বাণিজ্যিক ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা লেনদেনকারী সব শাখা সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার খোলা রাখা এবং দেশের অন্যান্য স্থানে অবস্থিত আমদানি-রপ্তানি বাণিজ্যের লেনদেনসংশ্লিষ্ট অন্যান্য অনুমোদিত ডিলার শাখার মধ্যে যেসব শাখা খোলা রাখা প্রয়োজন, সেসব শাখা ব্যাংকগুলোর নিজের বিবেচনায় শনিবার খোলা রাখার নির্দেশনা বলবত্ আছে।এতে আরও বলা হয়, পবিত্র ঈদুল ফিতরের আগে লেনদেনের সুবিধার্থে আগামী শনিবার যথাযথ নিরাপত্তা নিশ্চিত করে ব্যাংকগুলো তাদের নিজ বিবেচনায় সব অথবা নির্দিষ্ট কিছু শাখা খোলা রাখবে।