আগামীবার এক লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট হতে পারে
আগামী ২০১২-১৩ অর্থবছরে বাজেটের আকার এক লাখ ৯০ হাজার কোটি টাকা হতে পারে। এতে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আয়তন হবে ৫০ থেকে ৫৫ হাজার কোটি টাকা। মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হবে ৭ থেকে ৮ দশমিক ২ শতাংশ আর মূল্যস্ফীতি ধরা হবে ৮ শতাংশ।সচিবালয়ে গতকাল বুধবার অনুষ্ঠিত বাজেট ব্যবস্থাপনা ও রাজস্ব সমন্বয় কাউন্সিলের আলাদা বৈঠকে প্রাথমিকভাবে বাজেটের এসব দিক ঠিক করা হয়েছে। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এতে সভাপতিত্ব করেন।বৈঠকের পর জানতে চাইলেও অর্থমন্ত্রী এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।তবে উভয় বৈঠকেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, জ্বালানি খাতে ভর্তুকি কমানো এবং বাড়তি আয়ের সংস্থান ইত্যাদি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। খাদ্যপণ্য, কৃষিপণ্য ও সারে ভবিষ্যতেও ভর্তুকি দেবে সরকার। এতে বিপুল পরিমাণ বাড়তি অঙ্ক গুনতে হবে।এ ব্যয় মেটাতে রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রাও সমানতালে বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। রাজস্ব আহরণের প্রাথমিক লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে এক লাখ ২০ হাজার কোটি টাকা। চলতি ২০১১-১২ অর্থবছরের বাজেটের আকার এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা। এর মধ্যে এডিপির আকার ৪৬ হাজার কোটি টাকা। সংশোধিত হয়ে এডিপির আকার অবশ্য ৪০ হাজার ৫০০ কোটি টাকায় নেমে এসেছে।প্রতিবছরের রেওয়াজ অনুযায়ী, আগামী জুনে অর্থমন্ত্রী দেশের ৪১তম এ বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করবেন। আরেক হিসাবে এটিকে ৪২তম বাজেটও বলা যায়। কারণ, দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দীন আহমেদ ১৯৭২ সালের ৩০ জুন একসঙ্গে ১৯৭১-৭২ এবং ১৯৭২-৭৩ অর্থবছরের বাজেট দিয়েছিলেন।