শ্রীলঙ্কার সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য এত দিন বাংলাদেশের পক্ষেই ছিল। পাঁচ বছর ধরে দুই দেশের বাণিজ্য ব্যবধান বাংলাদেশের বিপক্ষে চলে গেছে। অর্থাৎ শ্রীলঙ্কায় এখন যে পরিমাণ পণ্য রপ্তানি করে বাংলাদেশ, দেশটি থেকে আমদানি করে তার চেয়েও বেশি। তবে বছর বছর উভয় দেশের বাণিজ্য বাড়ছে।
সচিবালয়ে গতকাল রোববার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসাকেরার বৈঠকে উভয় দেশের বাণিজ্যের এ তুলনামূলক চিত্র উপস্থাপন করা হয়। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) থেকে তথ্য নিয়ে চিত্রটি তৈরি করে বাণিজ্য মন্ত্রণালয়।
তবে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের জানান, শ্রীলঙ্কার সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ের প্রক্রিয়া চলছে। এটা হলে বাংলাদেশ থেকে দেশটিতে ওষুধ, কাগজ ও সিমেন্ট রপ্তানি বাড়বে। এখনো এসব পণ্য রপ্তানি হয়, কিন্তু শুল্ক দিতে হয় বেশি। এফটিএ হয়ে গেলে শুল্ক কমবে।
এফটিএর সম্ভাব্য সময়কাল জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, এ বিষয়ে দুই দেশের কারিগরি কমিটি কাজ করছে।
ইপিবির তথ্যে দেখা যায়, ২০০৭-০৮ অর্থবছরে শ্রীলঙ্কায় বাংলাদেশ রপ্তানি করেছিল ১ কোটি ৯৩ লাখ ২০ হাজার ডলারের পণ্য। আর ওই বছর দেশটি থেকে আমদানি করা হয়েছিল ১ কোটি ৫২ ৭০ হাজার ডলারের পণ্য। বাংলাদেশের জন্য ইতিবাচক এ বাণিজ্য ব্যবধান বজায় থাকে ২০১১-১২ অর্থবছর পর্যন্ত। চার বছরে উভয় দেশের বাণিজ্যই প্রায় দ্বিগুণ হয়।
কিন্তু ২০১২-১৩ অর্থবছর থেকেই বাণিজ্য ব্যবধান শ্রীলঙ্কার পক্ষে চলে যায়। ওই বছর বাংলাদেশ শ্রীলঙ্কায় রপ্তানি করে ২ কোটি ৩৬ লাখ ৯০ হাজার ডলারের পণ্য, আর দেশটি থেকে আমদানি করে ৩ কোটি ৯৬ লাখ ডলারের পণ্য। আর ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের রপ্তানি ৩ কোটি ৪ লাখ ৫০ হাজার আর আমদানি ৪ কোটি ৫০ লাখ ডলারের পণ্য।
শ্রীলঙ্কায় প্রধানত রপ্তানি হয় ওষুধ, ব্যাটারি, আলু, তৈরি পোশাক, হালকা প্রকৌশল, হোম টেক্সটাইল, টেরি টাওয়েল ও পাটপণ্য। দেশটি থেকে আমদানি করা হয় বস্ত্র, খনিজ পণ্য, প্লাস্টিক, রাবার ইত্যাদি।
বাণিজ্যমন্ত্রী শ্রীলঙ্কার ব্যবসায়ীদের প্রতি বাংলাদেশে নির্মাণাধীন ১০০টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, বাংলাদেশ সরকারের কাছ থেকে এ ব্যাপারে সব ধরনের সুযোগ-সুবিধা দেওয়া হবে।
শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করতে পারলে আমদানি-রপ্তানিতে বাংলাদেশ তিন থেকে চার দিনের সাশ্রয় পাবে বলে মনে করেন তোফায়েল আহমেদ। তিনি জানান, বাংলাদেশ থেকে আলু আমদানি করতে শ্রীলঙ্কা বেশ আগ্রহী।
শ্রীলঙ্কার হাইকমিশনার ইয়াসোজা গুনাসাকেরা বলেন, ‘বাংলাদেশের ওষুধ ও প্রসাধনী পণ্যের ব্যাপক বাজার রয়েছে শ্রীলঙ্কায়। এগুলো রপ্তানিতে সহায়ক হবে এফটিএ। আর আমরা বাংলাদেশের সঙ্গে নৌ যোগাযোগ বৃদ্ধিতেও আগ্রহী।’
ইয়াসোজা গুনাসাকেরা বলেন, বাংলাদেশ পোশাক খাতের বড় রপ্তানিকারক, যা প্রশংসনীয়। তবে কৃষি এবং মৎস্য খাতেও উভয় দেশের যৌথ বিনিয়োগের সুযোগ আছে।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শ্রীলঙ্কার সঙ্গে প্রায় এক যুগ ধরেই এফটিএ করার কথা হচ্ছে। আগে আগ্রহ দেখালেও মাঝখানে পিছিয়ে যায় শ্রীলঙ্কা। এরপর অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির (পিটিএ) প্রক্রিয়া চলতে থাকে। এখন আবার এফটিএর আলোচনা সামনে চলে এসেছে।