আগের দিনের চেয়ে লেনদেন বেড়েছে
দিনের শুরুতে সূচকের নিম্নমুখী প্রবণতা থাকলেও আজ রোববার সপ্তাহের প্রথম কর্মদিবসে মোটামুটি চাঙাভাব নিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ারবাজারের লেনদেন। দিনশেষে সাধারণ সূচক ৬০.২৩ পয়েন্টে বেড়ে দাঁড়িয়েছে ৫৩৮৪ পয়েন্টে।সাধারণ সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার পাশাপাশি আজ ডিএসইতে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে; বেড়েছে লেনদেনের পরিমাণও। রোববার মোট লেনদেনের পরিমাণ ছিল ৬১০ কোটি টাকা, যা বৃহস্পতিবারের চেয়ে ৮৩ কোটি টাকা বেশি। ঢাকা শেয়ারবাজারে আজ রোববার মোট ২৬৮টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে ১৭৫টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। লেনদেনের শীর্ষে ছিল বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড। শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলো হলো: ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড, সায়হাম কটন মিলস, মেঘনা পেট্রোলিয়াম, এমআই সিমেন্ট, অ্যাকটিভ ফাইন কেমিক্যালস, বরকতউল্লাহ ইলেকট্রো-ডাইনামিকস লিমিটেড, যমুনা অয়েল, জিপিএইচ ইস্পাত, ইউনাইটেড এয়ারওয়েজ প্রভৃতি।