আগের নিয়মে গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন!
আবারও গ্রামীণ ব্যাংকের পরিচালক নির্বাচন পদ্ধতি সংশোধন করতে চায় সরকার। ইতিমধ্যে ব্যাংকটির পরিচালক নির্বাচন বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগের নিয়মে নির্বাচন অনুষ্ঠানের জন্য বিধিমালা সংশোধনের অনুরোধ করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে চিঠি দিয়েছেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক। তাঁর প্রস্তাব হলো, গ্রামীণ ব্যাংকের একজন মহাব্যবস্থাপকের নেতৃত্বে পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হবে।
এমন অবস্থায় গত রোববার রাতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের সচিব ইউনুছুর রহমান ও গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে সভা করেন অর্থমন্ত্রী। সভায় সিদ্ধান্ত হয়, পরিচালক নির্বাচনের বিধিমালা সংশোধন নিয়ে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মতামত নেওয়া হবে। পরে সেই মত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
২০১৫ সালের ফেব্রুয়ারি মাসে ঋণগ্রহীতা নারী সদস্যদের মধ্য থেকে নির্বাচিত নয়জন নারী বোর্ড সদস্য বা পরিচালকের মেয়াদ শেষ হয়। এরপর প্রায় আড়াই বছর ধরে পদগুলো শূন্য আছে। তাই পূর্ণাঙ্গ পর্ষদও গঠন করা সম্ভব হয়নি। চেয়ারম্যানসহ সরকার মনোনীত চারজন সদস্য দিয়ে চলছে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদ।
দীর্ঘদিন পূর্ণাঙ্গ পর্ষদ না থাকায় কী ধরনের সমস্যা হয়, তা জানিয়ে গত ১৬ জুলাই অর্থমন্ত্রীর কাছে চিঠি দেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান খন্দকার মোজাম্মেল হক। চিঠিতে তিনি বলেন, ‘একটি আর্থিক প্রতিষ্ঠানে দীর্ঘ সময় পূর্ণাঙ্গ বোর্ড না থাকলে গুরুত্বপূর্ণ অনেক কাজ আটকে থাকে এবং সার্বিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনায় ব্যাঘাত ঘটে। নির্বাচিত পরিচালকদের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন ছিল। কিন্তু নির্বাচন কমিশন গঠিত না হওয়ায় গ্রামীণ ব্যাংকের মতো একটি প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের নির্বাচন করা সম্ভব হচ্ছে না, যা আমরা কেউই কামনা করি না।’
দ্রুত পরিচালক নির্বাচনের জন্য বিধিমালার সংশ্লিষ্ট ধারাগুলো সংশোধনের প্রস্তাব করেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান। তাঁর প্রস্তাবগুলোর মূল ভাষ্য হলো—আগের নিয়মে গ্রামীণ ব্যাংকের একজন মহাব্যবস্থাপকের নেতৃত্বে নির্বাচন অনুষ্ঠান।
এই পর্যন্ত গ্রামীণ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নেতৃত্বেই সব পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। কিন্তু ২০১৪ সালে যখন বিধিমালা তৈরি করা হয়, তখন বাংলাদেশ ব্যাংকের একজন নির্বাহী পরিচালকের নেতৃত্ব নির্বাচন কমিশন গঠনের কথা বলা হয়েছে। পরে বাংলাদেশ ব্যাংক এই দায়িত্ব পালনে অস্বীকৃতি জানালে ওই বছরের ২৭ অক্টোবর বিধিমালা সংশোধন করে একজন অবসরপ্রাপ্ত জেলা জজকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়। কিন্তু প্রায় পৌনে তিন বছরে এই দায়িত্ব দেওয়ার জন্য কোনো অবসরপ্রাপ্ত জেলা জজ খুঁজে পায়নি সরকার। ওই সময়ে নির্বাচন বিধিমালা সংশোধন করে আরও বলা হয়, নির্বাচন কমিশন গঠনের এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করতে হবে।
গতকাল মুঠোফোনে যোগাযোগ করা হলে গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান এ বিষয়ে কোনো বক্তব্য দিতে রাজি হননি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্ণাঙ্গ পর্ষদ না থাকায় অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। এ ছাড়া বাংলাদেশ ব্যাংকের পরিদর্শক দল ব্যাংকটিতে নিয়মিত পরিদর্শনে গিয়ে পূর্ণাঙ্গ বোর্ড গঠনের তাগিদ দিয়েছে। এমন প্রেক্ষাপটে ব্যাংকটির চেয়ারম্যান পূর্ণাঙ্গ বোর্ড গঠনে নির্বাচন বিধিমালা সংশোধনের প্রস্তাব দেন।
এই বিষয়ে জানতে চাইলে সাবেক বোর্ড সদস্য তাহসিনা খাতুন প্রথম আলোকে বলেন, ‘আমরাও চাই, আগের নিয়মে পরিচালক নির্বাচন অনুষ্ঠিত হোক। সরকার যে বিধিমালা করেছে, তা দিয়ে নির্বাচন হলে গ্রামীণ ব্যাংকে রাজনীতি ঢুকে পড়বে। এতে এত দিন ধরে সুনাম অর্জন করা এই ব্যাংকটির ক্ষতি হবে।’
পরিচালকদের মেয়াদ
নির্বাচিত পরিচালকদের মেয়াদ কত দিন, তা নিয়েও জটিলতা তৈরি হয়েছে। ২০১৩ সালের গ্রামীণ ব্যাংক আইনের ১১(১) উপধারা অনুযায়ী, নির্বাচিত পরিচালকদের কার্যকাল সর্বোচ্চ তিন বছর। অন্যদিকে ২০১৪ সালের পরিচালক বিধিমালার ৫(১) উপবিধির একটি অংশে বলা হয়েছে, নির্বাচনী তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিদ্যমান নির্বাচিত পরিচালকদের পদ শূন্য হয়েছে বলে গণ্য হবে।
যেহেতু এখনো নির্বাচন কমিশন গঠন করে তফসিল ঘোষণা করা হয়নি; তাই এই উপবিধি অনুযায়ী এখনো নিজেদের সদস্যপদ বহাল আছে দাবি করে ২০১৫ সালে উচ্চ আদালতে রিট পিটিশন করেন নয়জন পরিচালক, যা এখনো বিচারাধীন রয়েছে।