আগের নীতিমালায় ঋণ অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালার একটি অংশ দুই মাসের জন্য স্থগিত করেছে অগ্রণী ব্যাংকের পরিচালনা পর্ষদ। এ অংশে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কী পরিমাণ ঋণ অনুমোদন করতে পারবেন, তা উল্লেখ রয়েছে। ব্যাংকটির এমডি সৈয়দ আবদুল হামিদ এ অংশ ব্যবহার করেই দুর্নীতিতে জড়িয়েছিলেন। যার ফলে তাঁকে অপসারণ করে কেন্দ্রীয় ব্যাংক। এ সময় ব্যাংকটি অর্পিত ক্ষমতা, ২০০২ অনুযায়ী ঋণ অনুমোদন করবে।
ব্যাংকটির চেয়ারম্যান জায়েদ বখ্ত প্রথম আলোকে বলেন, নীতিমালাটি সংশোধনের কাজ চলছে। এরপরই তা পুরোপুরি বাস্তবায়ন করা হবে।
সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত হয়, ‘বিদ্যমান ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালার সংযুক্তি-৩ দুই মাসের জন্য স্থগিত করা হলো। ঋণ মঞ্জুরি অনুমোদনকালে নতুনভাবে ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা প্রণীত এবং পর্ষদ কর্তৃক অনুমোদিত না হওয়া পর্যন্ত অর্পিত ক্ষমতা, ২০০২ বলবৎ থাকবে।’
জানা গেছে, ব্যবসা সম্প্রসারণ ও অন্যান্য সিদ্ধান্ত দ্রুত করার জন্য সময় সময় ব্যাংকটি অর্পিত ক্ষমতা সময়োপযোগী করে। সবশেষ ২০০২ সালে বাংলাদেশ ব্যাংকের নির্দেশে ব্যাংকটি অর্পিত ক্ষমতা, ২০০২ অনুমোদন করে। এরপর ২০১২ সালের ১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ ব্যাংক ঋণ নীতিমালা হালনাগাদের নির্দেশনা দিলে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সমঝোতা চুক্তিতে ঋণ নীতিমালা ও ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা পাস করার বিষয়টি অন্তর্ভুক্ত করা হয়।
সে অনুযায়ী ব্যাংকটি ২০১৩ সালের পয়লা ডিসেম্বর নীতিমালা দুটি অগ্রণী ব্যাংকের পর্ষদে অনুমোদিত হয়। এরপর থেকে অর্পিত ক্ষমতার পরিবর্তে ঋণ নীতিমালা অনুযায়ী ব্যাংকের ঋণ অনুমোদনের ক্ষমতা কার্যকর হয়।
অগ্রণী ব্যাংকের ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালা, ২০১৩-এর সংযুক্ত-৩-এ বলা হয়েছে, নীতিমালায় সেবা অনুযায়ী ঋণ অনুমোদন, বিতরণ, পুনঃ তফসিল ক্ষমতা না থাকায় অর্পিত ক্ষমতা, ২০০২ অনুযায়ী ক্ষমতা কার্যকর হবে, তবে তা ২০১৩ সালে পর্যালোচনা ও অনুমোদিত হতে হবে। তবে এখন পর্যন্ত অর্পিত ক্ষমতা, ২০০২ নতুন করে পর্যালোচনা ও অনুমোদিত হয়নি। এরপরও ব্যাংকটির এমডি বিভিন্ন সময় ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নীতিমালার এ অংশ অনুযায়ী ঋণ অনুমোদন ও বিতরণ করেন। পরে কেন্দ্রীয় ব্যাংকের শুনানি শেষে ৭৯২ কোটি টাকা অনিয়মের দায়ে তাঁকে অপসারণ করা হয়।
অগ্রণী ব্যাংকের বোর্ড সচিব সাজেদুল হককে সাময়িক বরখাস্ত করেছে ব্যাংকটি। পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়ন না করায় তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয় বলে জানান চেয়ারম্যান।