১০ বছর ধরে বাজেটে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট বা পানি পরিশোধনাগার প্রকেল্পর কথা উল্লেখ থাকলেও বাস্তবায়ন হয়নি। একইভাবে পাইপলাইন সম্প্রসারণ, শিশুপার্ক ও মার্কেট নির্মাণসহ একাধিক প্রকল্প নেওয়া হলেও সেগুলো কেবল বাজেট ঘোষণার মধ্যেই থেকে গেছে। এমনি এক বাস্তবতায় গতকাল বুধবার বরিশাল সিটি করপোরেশনের ২০১০-১১ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে।বরিশাল সিটি করপোরেশনের মেয়র শওকত হোসেন নগর ভবনে ১৯৭ কোটি ৭২ লাখ ৩৫ হাজার ৭৮৪ টাকার এই বাজেট ঘোষণা করেন। একই সঙ্গে তিনি ২০০৯-১০ অর্থবছরের ১০১ কোটি ২১ লাখ ৪১ হাজার ২০২ টাকার সংশোধিত বাজেট উপস্থাপন করেন। এদিকে নতুন বাজেটে নগরবাসীর ওপর বাড়তি কোনো করের বোঝা না থাকলেও বিগত বছরের একাধিক প্রকল্প বাস্তবায়ন না হওয়ায় নগরবাসী শঙ্কিত। সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিন্টু বসু প্রথম আলোকে বলেন, আমরা আর স্বপ্ন দেখতে চাই না। যখন এসব প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে তখনই বাজেটে আনলে ভালো হয়।’ বরিশাল নাগরিক সমাজের সদস্যসচিব মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিগত বাজেটে বাস্তবায়ন না হওয়া যেসব প্রকল্প এ বছরেও রাখা হয়েছে সেগুলোর বাস্তবায়ন দেখতে চাই।’সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক মানবেন্দ্র বটব্যাল বলেন, স্বপ্ন দেখিয়ে লাভ নেই, প্রকল্প বাস্তবায়ন দেখতে চাই।তবে মেয়র শওকত হোসেন প্রথম আলোকে বলেন, ‘গত বছর ছিল আমার প্রথম বাজেট। আনন্দের সঙ্গে অনেকটা স্বপ্নবিলাসী বাজেট করা হয়েছিল, যা বাস্তবায়ন করা খুবই কঠিন ছিল। এ বছর আশা করি, এই বাজেট শতভাগ বাস্তবায়ন করা সম্ভব হবে।