আগের সয়াবিন তেল যেন নতুন দামে বিক্রি হয়: এফবিসিসিআই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোতলজাত সয়াবিন তেলের দাম কমিয়েছে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো।
বোতলজাত সয়াবিন তেলের দাম কমিয়েছে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো।

বোতলজাত সয়াবিন তেলের দাম কমিয়েছে ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলো। কিন্তু বাজারে এখনো আগের দামের তেল বিক্রি হচ্ছে। তাই আগে সরবরাহ করা সয়াবিন তেল যেন বর্তমান দামে বিক্রি হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে মালিকপক্ষকে অনুরোধ করেছে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
একই সঙ্গে খুচরা ব্যবসায়ীদেরও নতুন দামে বোতলজাত ভোজ্যতেল বিক্রির নির্দেশনা দিয়েছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনটি। এফবিসিসিআই থেকে গতকাল বৃহস্পতিবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
যদি কোনো ব্যবসায়ী নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ভোজ্যতেল বিক্রি করেন, তাহলে ভোক্তাদের জাতীয় ভোক্তা অধিদপ্তর কিংবা এফবিসিসিআইকে অবহিত করতে বলা হয়েছে।
বোতলজাত সয়াবিন তেলের দাম কমানোয় ভোজ্যতেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলোকে ধন্যবাদ জানিয়েছে এফবিসিসিআই।
সংগঠনটি আশা করছে, ভোজ্যতেল আমদানিকারক ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো ভবিষ্যতেও আন্তর্জাতিক বাজারদর অনুযায়ী স্থানীয় বাজারে দ্রুত দর সমন্বয় ও তা বাস্তবায়ন করবে, যেন ভোক্তারা সঠিক মূল্যে ভোজ্যতেল কিনতে পারেন।
নতুন দর অনুযায়ী, এক লিটারের বোতলজাত সয়াবিন তেল ১০২ টাকা ও পাঁচ লিটারের তেল ৫০৫ টাকায় বিক্রি হওয়ার কথা। বাজারে এরই মধ্যে কমানো দামের তেল পাওয়া যাচ্ছে। আবার পুরোনো তেলও বিক্রি হচ্ছে।