আগ্রহ কম মালিকদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ৩৬৬টি কারখানার শ্রমিকদের তথ্য গত এক বছরে বাংলাদেশ তৈরি পোশাকশিল্প মালিক সমিতির (বিজিএমইএ) তথ্যভান্ডারে যুক্ত হয়েছে৷ আর উৎপাদনে থাকা বাকি তিন হাজারের বেশি কারখানা এখনো এ বিষয়ে আগ্রহ দেখাচ্ছে না। ফলে পূর্ণাঙ্গ তথ্যভান্ডার নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শ্রমিকেরাও কিছু সুবিধা থেকে বঞ্চিত থেকে যাচ্ছেন।
সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মালিকেরা খুব একটা আগ্রহ না দেখানোর কারণেই এটি পুরোপুরি করা যাচ্ছে না। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ তথ্যভান্ডার করার উদ্যোগ নিলেও শক্ত কোনো অবস্থান নিচ্ছে না। আর চাপ না থাকায় পুরো প্রক্রিয়াটিই চলছে কচ্ছপগতিতে।
মালিকদের আগ্রহ আর বিজিএমইএর চাপ না দেওয়ার বিষয়ে সংগঠনের সহসভাপতি মো. শহিদউল্লাহ আজিম প্রথম আলোকে বলেন, ‘রানা প্লাজা ধসের পর অনেকরই অর্ডার ছিল না। তা ছাড়া রাজনৈতিক অস্থিরতার কারণেও মালিকেরা সমস্যায় ছিলেন। তাই বিজিএমইএ থেকে চাপ দেওয়া হয়নি। এখন ধীরে ধীরে আবার আবেদন জমা পড়ছে। এ বিষয়ে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’
জানতে চাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সুলতান উদ্দিন আহমেদ বলেন, ‘মালিকদের আগ্রহ নেই, থাকলে কাজটি অনেক আগেই সম্পন্ন হতো৷’
বিলসের এই কর্মকর্তা জানান, জাতীয় নীতিনির্ধারণ, মজুরি কাঠামো বাস্তবায়ন, কোনো দুর্ঘটনা ঘটলে কত শ্রমিক ক্ষতিগ্রস্ত, তা নির্ণয় এসবের জন্য তথ্যভান্ডার করা জরুির৷ এ ছাড়া এক কারখানা থেকে অন্য কারখানায় গেলে শ্রমিকদের দক্ষতার বিষয়টি এই তথ্যভান্ডারের মাধ্যমে জানা যাবে৷
খোঁজ নিয়ে জানা যায়, প্রায় ছয় বছর আগে ২০০৮ সালে বিজিএমইএ শ্রমিকদের তথ্যব্যাংক ও সার্ভিস বুক করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়। তবে তা ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ ছিল, বাস্তবািয়ত হয়নি। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের পর দাবিটি আরও জোরালো হয়। এরপর সংগঠনের পক্ষ থেকে আবার উদ্যোগ নেওয়া হয়।
গত বছরের এপ্রিল ও মে মাসে বিজিএমইএর পরিচালকদের দুটি সভায় সিদ্ধান্তের পর সংগঠনের পক্ষ থেকে সদস্যদের জন্য একটি নির্দেশনা জারি করা হয়। ১৪ মে প্রকাশিত এই নির্দেশনায় বলা হয়, ১৫ জুনের মধ্যে সব কারখানার শ্রমিককে বায়োমেট্রিক ডেটাবেজে অন্তর্ভুক্ত করতে হবে। এ জন্য দুটি বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়োগ দিয়েছে সংগঠনটি। বিজিএমইএর কেন্দ্রীয় তথ্যভান্ডারে যুক্ত হতে প্রতিটি কারখানার শ্রমিকের সংখ্যাভেদে ৭৫ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত খরচ হয়।
নির্দেশনা জারির ছয় দিন পর এ বিষয়ে আশুলিয়ার ২৫০টি কারখানার কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় বিজিএমইএ ভবনে। এতে সংগঠনের সভাপতি আতিকুল ইসলাম আশুলিয়ার সব পোশাকশ্রমিকের ডিজিটাল তথ্যভান্ডার করতে মালিকদের সময় বেঁধে দেন। তিনি বলেন, ৩০ আগস্টের মধ্যে তথ্যভান্ডারের কাজ শেষ করতে না পারলে সংশ্লিষ্ট কারখানার সেবা বন্ধ করে দেবে সমিতি।
বিজিএমইএর সভাপতি আরও বলেন, ‘অনেক দিন ধরেই আমরা ডেটাবেজ করার কথা বলছি। মালিকেরা করছি, করব বলে সময়ক্ষেপণ করছেন। কিন্তু এখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এটি বাস্তবায়ন করতেই হবে।’
জানা যায়, ১৫ জুনের মধ্যে সব কারখানা তো নয়ই, ৩০ আগস্টের মধ্যে আশুলিয়ার সব কারখানাতেই তথ্যভান্ডার করা সম্ভব হয়নি। বরং গত সোমবার (১৩ মে, ২০১৪) পর্যন্ত মাত্র ৩৬৬টি কারখানার শ্রমিকদের তথ্যভান্ডারে যুক্ত করেছেন মালিকেরা। এর মধ্যে আশুলিয়ার কারখানা মাত্র ১৮০টি।
ব্যর্থ কারখানার বিরুদ্ধে বিজিএমইএর সভাপতির দেওয়া সেবা বন্ধের সেই নির্দেশও বাস্তবায়িত হয়নি। অন্য কোনো শাস্তিমূলক ব্যবস্থাও নেয়নি সংগঠন। গত ২৫ ফেব্রুয়ারি সমিতির পক্ষ থেকে আবারও বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে তথ্যভান্ডারের কার্যক্রম শুরু করতে সদস্যদের অনুরোধ জানানো হয়। একই সঙ্গে এ জন্য নির্ধারিত মাশুল কয়েকটি কিস্তিতে দেওয়া যাবে, এমন সুবিধার কথাও জানানো হয়।
এদিকে আমেরিকার বাজারে জিএসপি ফিরে পেতে শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পোশাকশিল্পের একটি তথ্যভান্ডার করেছে। ইতিমধ্যে অধিদপ্তরের কর্মকর্তারা পরিদর্শন করে তিন হাজার ৪৯৮টি কারখানার সাধারণ তথ্য এতে যুক্ত করেছেন। গত ৩০ মার্চ শ্রম প্রতিমন্ত্রী এটি উদ্বোধন করেন।
তবে দুই তথ্যভান্ডারের উপযোগিতা ভিন্ন। বিজিএমইএর বায়োমেট্রিক ডেটাবেজে (তথ্যভান্ডার) শ্রমিকের বিভিন্ন তথ্য যেমন: ছবি, আঙুলের ছাপ, বর্তমান ও স্থায়ী ঠিকানা, বেতন-ভাতা, কাজের ধরন, দক্ষতা ইত্যাদি বিষয় থাকার কথা। সুষ্ঠুভাবে তথ্য পূরণের পর প্রত্যেক শ্রমিকের একটি স্বতন্ত্র নম্বর-সংবলিত কার্ড (অনেকটা জাতীয় পরিচয়পত্রের মতো) দেওয়া হবে। আর পোশাক-শ্রমিকদের স্বার্থ সংরক্ষণে এই উদ্যোগটির দ্রুত বাস্তবায়ন সবচেয়ে বেশি প্রয়োজন বলে মন্তব্য করেন শ্রমিক নেতারা।
জাতীয় গার্মেন্টস শ্রমিক কর্মচারী লীগের সভাপতি সিরাজুল ইসলাম রনি বলেন, কমপ্লায়েন্সের শর্ত হিসেবে অবশ্যই শ্রমিকদের তথ্যভান্ডার করতে হবে। এখনো এটি না হওয়ায় মালিকেরা শ্রমিকদের ঠকানোর সুযোগ পাচ্ছেন৷ তিনি আরও বলেন, তা ছাড়া দুর্ঘটনা ঘটলে তথ্যভান্ডার না থাকায় ক্ষতিপূরণ থেকেও বঞ্চিত হন শ্রমিকেরা। রানা প্লাজা ধস এ ক্ষেত্রে বড় উদাহরণ।
তবে শহিদউল্লাহ আজিম বলেন, এক বছরের মধ্যে সব কারখানা কেন্দ্রীয় তথ্যভান্ডারের আওতায় চলে আসবে। আর সার্ভিস বুক প্রায় শতভাগ কারখানায় বাস্তবািয়ত হয়েছে।
বিজিএমইএর প্রতিশ্রুতির ছয় বছর
২০০৮
সর্বপ্রথম শ্রমিকদের তথ্যভান্ডার ও সার্ভিস বুক করার আনুষ্ঠানিক ঘোষণা দেয়
২০১৩
রানা প্লাজা ধসের পর ১৫ জুনের মধ্যে সব কারখানাকে তথ্যভান্ডার করার নির্দেশনা জারি করে

৩০ আগেস্টর মধ্যে আশুলিয়ার সব কারখানাকে তথ্যভান্ডারের কাজ শেষ করার নির্দেশ
২০১৪
উৎপাদনে থাকা সাড়ে তিন হাজার কারখানার মধ্যে এ পর্যন্ত আশুলিয়ার ১৮০টিসহ ৩৬৬টি তথ্যভান্ডারে যুক্ত হয়েছে
কেন দরকার?
n জাতীয় নীতিনির্ধারণ
n কোনো দুর্ঘটনা ঘটলে কত শ্রমিক ক্ষতিগ্রস্ত হয়েছেন তার সঠিক চিত্র
n শ্রমিকের দক্ষতা ও কাজের পূর্ব ইতিহাস
‘‘এক বছরের মধ্যে সব কারখানা কেন্দ্রীয় তথ্যভান্ডারের আওতায় আসবে। সার্ভিস বুক শতভাগ কারখানায় বাস্তবািয়ত হয়েছে
শহিদউল্লাহ আজিম
সহসভাপতি, বিজিএমইএ

‘‘মালিকদের আগ্রহ নেই, থাকলে কাজটি অনেক আগেই সম্পন্ন হতো
সুলতান উদ্দিন আহমেদ
সহকারী নির্বাহী পরিচালক, বিলস