আগ্রাসী শেয়ার বিক্রি বন্ধ করা হবে
পুঁজিবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে ভবিষ্যতে আগ্রাসী (অ্যাগ্রেসিভ) শেয়ার বিক্রি না করার ব্যাপারে সম্মত হয়েছে ব্যাংকগুলো। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় ব্যাংকগুলোর ব্যবস্থাপকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশের (এবিবি) নেতারা ডিএসইর নেতাদের সঙ্গে বৈঠকে এ বিষয়ে সম্মত হন। পরে বিকেল পাঁচটায় ডিএসইর মূল ভবনে এক যৌথ ব্রিফিংয়ে এ কথা জানানো হয়।ব্রিফিংয়ে ডিএসইর সভাপতি রকিবুর রহমান বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর বিকল্প নেই। এবিবির নেতাদের সঙ্গে আজকের বৈঠকে বাজারের স্থিতিশীলতাসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।রকিবুর রহমান বলেন, ‘আমরা এবিবিকে অতীতের ন্যায় আগ্রাসীভাবে শেয়ার বিক্রি না করার ব্যাপারে অনুরোধ করেছি। তাঁরা আমাদের আশ্বস্ত করেছে যে অতীতের ন্যায় তাঁরা আর আগ্রাসীভাবে শেয়ার বিক্রি করবে না।’ তিনি বলেন, ‘শেয়ার বিক্রিতে বাধা নেই। তবে আগ্রাসীভাবে শেয়ার বিক্রি করলে বাজারে নেতিবাচক প্রভাব পড়ে।’ শেয়ারবাজার ধসের এটি একটি অন্যতম কারণ ছিল বলে মনে করেন তিনি।এ সময় তিনি সব আর্থিক প্রতিষ্ঠান, মিউচুয়াল ফান্ড, স্টক ব্রোকার, স্টক ডিলারদের নিজ নিজ অবস্থানে থেকে বাজারে স্থিতিশীলতায় নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। এ ছাড়া দেখে, বুঝে এবং ক্ষমতা ও সামর্থ্যের মধ্যে বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি বিনিয়োগেরও আহ্বান জানান রকিবুর রহমান।ব্রিফিংয়ে এবিবির সভাপতি নুরুল আমিন বলেন, বাজারের স্থিতিশীলতা রক্ষায় শেয়ারের চাহিদা অনুযায়ী সরবরাহের দিকে নজর দেওয়া উচিত। এ ক্ষেত্রে বন্ড মার্কেট শক্তিশালী ও গতিশীল করার ওপর জোর দেন তিনি।নুরুল আমিন বলেন, ব্যাংকগুলো লেনদেনকারী (ট্রেডার) নয়। তারা বিনিয়োগকারী ও মার্কেট মেকার। ব্যাংকগুলো নিয়ম মেনে বিনিয়োগ সীমার মধ্যে থেকেই বাজারে বিনিয়োগ করে আসছে এবং বিনিয়োগ অব্যাহত রাখবে।এ সময় ডিএসইর পরিচালনা পর্ষদের সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তা ও এবিবির নেতারা উপস্থিত ছিলেন।