আঙ্কটাডের সহায়তা চায় বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত মধ্যম আয়ের দেশে উন্নীত হতে স্বল্পোন্নত দেশগুলোতে (এলডিসি) টেকসই বিনিয়োগ ও শিল্পায়নে সহায়তা বাড়াতে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়নবিষয়ক সংস্থা আঙ্কটাডের সহায়তা চেয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জেনেভা সফররত আমির হোসেন আমু গতকাল মঙ্গলবার আঙ্কটাডের মহাসচিব মুখিসা কিটুইয়ের সঙ্গে বৈঠককালে সহায়তা চান তিনি। এ সময় শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশসহ বিশ্বের স্বল্পোন্নত দেশগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধি ও রপ্তানি বৈচিত্র্যকরণে আঙ্কটাড কারিগরি ও গবেষণা সহায়তা বাড়াতে পারে। শিল্প মন্ত্রণালয় থেকে গতকাল পাঠানো এক তথ্য বিবরণীতে এসব জানানো হয়। বৈঠকে শিল্পমন্ত্রী বলেন, সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সরকার প্রায় ১৮টি বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল (এসইজেড) প্রতিষ্ঠায় কাজ করছে। আঙ্কটাডের মহাসচিব বলেন, বাংলাদেশের বিনিয়োগনীতি প্রণয়নে আঙ্কটাড সহায়তা করে আসছে। এ নীতি বাস্তবায়িত হলে, বৈদেশিক বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে। আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহব্যবস্থার সঙ্গে বাংলাদেশের শিল্পায়ন ও বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চলগুলোর সমন্বয় ঘটাতে আঙ্কটাড সমীক্ষা চালাবে বলে তিনি শিল্পমন্ত্রীকে অবহিত করেন।