নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) আসন্ন নির্বাচনে অংশ নিতে যাওয়া পাঁচ প্রার্থীকে জরিমানা করেছে নির্বাচনী বোর্ড। এঁদের চারজনই বর্তমান পরিষদের পরিচালক।ওই পাঁচজন হলেন: বাংলাদেশ অ্যালুমিনিয়াম প্রস্তুতকারক সমিতির ওবায়দুর রহমান, কাগজ আমদানিকারক সমিতির মো. শফিকুল ইসলাম ভরসা, চার স্ট্রোকবিশিষ্ট সিএনজি অটোরিকশা ও থ্রি হুইলার মোটরবাইক মালিক সমিতির খন্দকার রুহুল আমিন, বাংলাদেশ আসবাবপত্র রপ্তানিকারক কে এম আকতারুজ্জামান এবং বাংলাদেশ প্রকৌশল শিল্প মালিক সমিতির আবদুর রাজ্জাক।নির্বাচন বোর্ড সূত্র জানায়, আকতারুজ্জামানকে তিন লাখ টাকা এবং বাকি চারজনকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে।নির্বাচনের আচরণবিধি ভঙ্গের জন্য সর্বোচ্চ পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে।আগামীকাল শনিবার এফবিসিসিআইয়ের ২০১২-১৪ দ্বিবার্ষিক মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হবে। সভাপতি ও সহসভাপতি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে ২৬ নভেম্বর।