আজ আন্তর্জাতিক কাস্টমস দিবস
এক মাস যাবৎ রাজস্ব আদায় বাড়াতে বিশেষ কার্যক্রম চালিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর ফলে বাড়তি এক হাজার কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।
গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য দিয়েছেন এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান। গত ২১ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এনফোর্সমেন্ট বা বাস্তবায়ন মাস ঘোষণা করে এনবিআর। এ সময়ে বিশেষ কার্যক্রম চালিয়ে এক হাজার কোটি টাকা আদায় করেছে এনবিআর। এ সময়ে এনবিআর ও এর আওতাধীন গোয়েন্দা সংস্থাসহ মাঠপর্যায়ের কার্যালয় একযোগে রাজস্ব ফাঁকি প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে বাড়তি রাজস্ব আদায় করেছে।
আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে সেগুনবাগিচার রাজস্ব ভবনে এ সংবাদ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, আজ ২৬ জানুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হবে। বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় এ দিবস পালন করা হবে। সকালে রাজস্ব ভবনের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের হবে। রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন রাজস্ব ভবনে আজ বিকেলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে রাজস্ব আদায়ে বিশেষ অবদান রাখায় পাঁচ প্রতিষ্ঠান ও ১৫ কর্মকর্তাকে পুরস্কৃত করা হবে।