আজ জাতীয় মূসক দিবস
আজ রোববার জাতীয় মূল্য সংযোজন কর (মূসক) দিবস। প্রথমবারের মতো জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই দিবসটি পালন করতে যাচ্ছে। দিবসটি উপলক্ষে রাজধানীর বেইলি রোডের অফিসার্স ক্লাবে আলোচনা সভাসহ সপ্তাহব্যাপী মূসক মেলার আয়োজন করা হয়েছে। মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এ ছাড়া প্রধানমন্ত্রীর অর্থনৈতিকবিষয়ক উপদেষ্টা মসিউর রহমানও উপস্থিত থাকবেন। আগামী ১৬ জুলাই পর্যন্ত এই মেলা চলবে। করদাতাদের মূসক প্রদানে উদ্বুদ্ধ করতে মেলায় বিভিন্ন কমিশনারেটসহ বিভিন্ন সংস্থার স্টল থাকবে। এ ছাড়া ২০০৮ সাল থেকে প্রতিবছর ১৫ সেপ্টেম্বর আয়কর দিবস পালন করে আসছে এনবিআর। এবার রাজধানীর বাইরে প্রতিটি বিভাগীয় শহরে দিবসটি উপলক্ষে আয়কর মেলার আয়োজন করা হচ্ছে। স্থানীয় পর্যায়ে মূসক, সম্পূরক শুল্ক, টার্নওভার ট্যাক্সসহ মোট রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ৬০২ কোটি পাঁচ লাখ টাকা। আর প্রবৃদ্ধির হার ২৬ দশমিক ৮৩ শতাংশ।বিদায়ী অর্থবছরের এই খাতে লক্ষ্যমাত্রা ছিল ২৬ হাজার ৪৮৩ কোটি টাকা। ২০০৯-১০ অর্থবছরে স্থানীয় পর্যায়ে মূসক আদায় হয়েছিল ২১ হাজার ৭৬২ কোটি ৩৫ লাখ টাকা।