আজ থেকে খাতভিত্তিক প্রাক্-বাজেট আলোচনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১২-১৩ অর্থবছরের বাজেট সামনে রেখে আজ রোববার খাতভিত্তিক প্রাক্-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। প্রথম পর্বে ১৮টি ব্যবসায়ী সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করা হবে। ধারাবাহিকভাবে এই খাতভিত্তিক প্রাক্-বাজেট আলোচনা চলবে ২১ এপ্রিল পর্যন্ত। এসব আলোচনায় আমদানি পর্যায়ে প্রযোজ্য শুল্ক-করবিষয়ক আইন, বিধিমালা, আদেশ, ব্যাখ্যাপত্র সংস্কার ও পরিবর্তনের লক্ষ্যে সুনির্দিষ্ট প্রস্তাব ও মতামত দিয়ে থাকে সংশ্ল্লিষ্ট পক্ষগুলো। আজ কৃষি ও পোলট্রি খাতের মাধ্যমে এ আলোচনা শুরু হবে। এ ছাড়া অটোমোবাইলস ও পরিবহন খাতের ব্যবসায়ীরাও মতামত দেবেন। প্রথম পর্বের প্রাক্-বাজেট আলোচনায় এনবিআর অন্য যেসব খাতের প্রতিনিধিদের সঙ্গে বসবে, সেগুলোর মধ্যে রয়েছে: ৪ এপ্রিল তৈরি পোশাক ও প্যাকেজিংয়ের বন্ডসংক্রান্ত রপ্তানি খাত, নির্মাণ খাত এবং হোটেল, রেস্টুরেন্ট, গেস্ট হাউস ও বিবিধ; ৭ এপ্রিল বন্ড সুবিধাবিহীন রপ্তানি খাত এবং তেল, গ্যাস, খাদ্য ও পানীয়, সিগারেট; ৯ এপ্রিল কম্পিউটার, আইসিটি ও টেলিযোগাযোগ এবং ইলেকট্রনিকস ও ইলেকট্রিক্যাল খাত। এ ছাড়া ১২ এপ্রিল পাট, বস্ত্র ও সুতা এবং ওষুধ, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার; ১৬ এপ্রিল প্রথম দফায় সেশন কাগজ, মুদ্রণ, প্রকাশনা, চলচ্চিত্র ও বিজ্ঞাপন খাত এবং দ্বিতীয় দফায় কেমিক্যালস, পেইন্ট বার্নিশ, চামড়া, কসমেটিকস, টয়লেট্রিজ ও জুয়েলারি খাতের সঙ্গে আলোচনা হবে। ১৯ এপ্রিল প্রথম দফায় ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প এবং দ্বিতীয় দফায় সিঅ্যান্ডএফ (ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং), শিপিং, ফ্রেইট ফরওয়ার্ডিং, ট্যাক্স লইয়ার্স ও ইনডেন্টরস খাতের সঙ্গে আলোচনা হবে। এ ছাড়া ২১ এপ্রিল প্রথম দফায় আর্থিক প্রতিষ্ঠান, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসাপ্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় এবং দ্বিতীয় দফায় ২০টি শীর্ষস্থানীয় ব্যবসায়ী চেম্বারের সঙ্গে আলোচনার মাধ্যমে শেষ হবে খাতভিত্তিক প্রাক্-বাজেট আলোচনার প্রথম পর্ব। প্রাক্-বাজেট আলোচনা প্রস্তুতির সঙ্গে জড়িত কর্মকর্তারা জানান, বিভিন্ন খাতের উদ্যোক্তা ও শিল্পমালিকদের আলোচনায় অংশ নিতে ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে। আশা করা হচ্ছে, তাঁরা বরাবরের মতো প্রাক্-বাজেট আলোচনায় অংশ নিয়ে বাজেট তৈরিতে এবারও ইতিবাচক ভূমিকা রাখবেন। দ্বিতীয় পর্বের আলোচনায় বড় বড় ব্যবসায়ী সংগঠনের আলোচনা করবে এনবিআর। সে সময় ঢাকা চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিসহ (বিসিআই) সংগঠনগুলোর সঙ্গে প্রাক্-বাজেট আলোচনা হবে। সর্বশেষ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সঙ্গে যৌথ পরামর্শক সভার মধ্য দিয়ে প্রাক্-বাজেট আলোচনা পর্ব শেষ হবে। দ্বিতীয় পর্বের আলোচনা এপ্রিল মাসের শেষ সপ্তাহ কিংবা মে মাসের প্রথম সপ্তাহে শুরু হতে পারে।