আজ থেকে ঢাকায় তিন দিনের ইন্দো-বাংলা বাণিজ্য মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিপক্ষীয় বাণিজ্য উন্নয়নের লক্ষ্য নিয়ে তৃতীয় ইন্দো-বাংলা বাণিজ্য মেলা আজ বৃহস্পতিবার ঢাকায় শুরু হচ্ছে। এতে ভারত ও বাংলাদেশের ৩০টির বেশি ব্যবসাপ্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে। ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) রাজধানীর সোনারগাঁও হোটেলে তিন দিনব্যাপী এ মেলার আয়োজন করছে। এতে সহায়তা করছে বাংলাদেশে ভারতীয় হাইকমিশন। আজ সকালে মেলার উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।রাজধানীর একটি হোটেলে গতকাল বুধবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এতে বক্তব্য দেন আইবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ, সহসভাপতি দেওয়ান সুলতান আহমেদ, মেলার মূল সমন্বয়কারী কাজী ওয়াহিদুল আলম প্রমুখ।সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের (আইসিসি) জ্যেষ্ঠ উপদেষ্টা নকিব আহমেদ, বাংলাদেশে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জ্ঞান প্রকাশ ক্ষেতপাল প্রমুখ।সংবাদ সম্মেলনে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, বাংলাদেশে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত পঙ্কজ সরণ, ভারতের মেঘালয়ের মুখ্যমন্ত্রী মুকুল সংমা, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী নবম টুকি উপস্থিত থাকবেন।মেলায় ৩৩টি স্টল ও ছয়টি প্যাভিলিয়নে বিভিন্ন প্রতিষ্ঠান তাদের যানবাহন, তৈরি পোশাক, গৃহস্থালি সামগ্রী, রং, ওষুধ, ভোগ্যপণ্য, নির্মাণসামগ্রী পণ্য প্রদর্শন করবে।এ ছাড়া আজ দুপুরে মেলা প্রাঙ্গণে উত্তর-পূর্ব ভারত ও বাংলাদেশ সংলাপ অনুষ্ঠিত হবে। আইসিসি ও আইবিসিসিআই আয়োজিত এই সংলাপে ভারতের দুই মুখ্যমন্ত্রীসহ দুই দেশের মন্ত্রী, নীতিনির্ধারক ও ব্যবসায়ীরা উপস্থিত থাকবেন।আগামী রোববার পর্যন্ত মেলা চলবে। প্রতিদিন সকাল ১০ থেকে রাত আটটা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। এতে কোনো প্রবেশমূল্য লাগবে না।