আজ থেকে দক্ষিণ এশীয় আঞ্চলিক ক্রয় সম্মেলন
‘তৃতীয় দক্ষিণ এশীয় আঞ্চলিক সরকারি ক্রয় সম্মেলন’ আজ রোববার ঢাকায় শুরু হচ্ছে। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সকাল নয়টায় তিন দিনব্যাপী এ সম্মেলনের উদ্বোধন করবেন। সমাপনী দিন মঙ্গলবার প্রধান অতিথি থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অধীন সেন্ট্রাল প্রকিউরমেন্ট টেকনিক্যাল ইউনিট (সিপিটিইউ), বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) যৌথভাবে এ সম্মেলনের আয়োজক।
সিপিটিইউ জানায়, সরকারি কেনাকাটায় সম্পৃক্ত ৫০০ দেশি-বিদেশি সম্মেলনে যোগ দেবেন। থাকবেন ঠিকাদার এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
অধিবেশনগুলোতে সরকারি কেনাকাটা, পেশাদারত্ব, সংস্কার ও প্রযুক্তির মাধ্যমে ক্রয় দক্ষতা বৃদ্ধি এবং সে লক্ষ্যে নতুন নতুন পদ্ধতি উদ্ভাবনের বিষয়ে উপস্থাপনা, আলোচনা ও অভিজ্ঞতা বিনিময় হবে।
দক্ষিণ এশিয়া আঞ্চলিক সরকারি ক্রয় নেটওয়ার্কের বর্তমান সভাপতি পাকিস্তান। সম্মেলনের পর নতুন সভাপতির দায়িত্ব নেবেন সিপিটিইউর মহাপরিচালক মো. ফারুক হোসেন। সম্মেলন শেষে ‘ঢাকা কর্মপরিকল্পনা’ গ্রহণ করা হবে।
সিপিটিইউর মহাপরিচালক ফারুক হোসেন জানান, সরকারি কেনাকাটা-বিষয়ক এত বড় আকারের সম্মেলন বাংলাদেশে এটাই প্রথম।