আজ থেকে শুধু ডিম্যাটকৃত শেয়ারের লেনদেন হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের দুই স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে আজ রোববার থেকে তালিকাভুক্ত কোনো কোম্পানির কাগজের শেয়ার লেনদেন হবে না। অর্থাৎ দেশের শেয়ারবাজারে কাগুজে শেয়ারের লেনদেন কার্যত শেষ হয়ে গেল। নিয়ন্ত্রক সংস্থার নির্দেশ মেনে শেয়ার অজড়করণ (ডিম্যাটারালাইজড) করেনি এমন ২৫টি কোম্পানিকে ইতিমধ্যে তালিকাচ্যুতও করা হয়েছে। মূল বোর্ডে গত বৃহস্পতিবারই ছিল কোম্পানিগুলোর শেষ লেনদেন। এখন থেকে এসব কোম্পানির শেয়ার ওভার দ্য কাউন্টার (ওটিসি) নামের বিকল্প বাজারে লেনদেন হবে। এসব কোম্পানির শেয়ার লেনদেনে অংশগ্রহণকারীদের আলাদাভাবে লেনদেন করতে হবে।পুঁজিবাজারে যেসব কোম্পানি নিয়মিত বার্ষিক সাধারণ সভা (এজিএম) করে না, লভ্যাংশ দেয় না এবং নিয়মনীতি পরিপালনের তোয়াক্কা করে না, সেসব কোম্পানিকে শাস্তিস্বরূপ মূল বোর্ড থেকে তালিকাচ্যুত করে ওটিসি বাজারে পাঠানো হয়। উল্লেখ্য, ২০০৪ সালের ২৪ জানুয়ারি দেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক শেয়ার লেনদেন শুরু হয়। সেদিন স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাগজের শেয়ার ইলেকট্রনিক শেয়ারে রূপান্তর করার মাধ্যমে ডিম্যাট যুগের সূচনা করে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।এর প্রায় সাত বছরের মাথায় এসে আজ তালিকাভুক্ত কোম্পানির শতভাগ ইলেকট্রনিক শেয়ার লেনদেন হতে যাচ্ছে। যোগাযোগ করা হলে এসইসির নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ প্রথম আলোকে বলেন, ‘এটি দেশের পুঁজিবাজারের জন্য অনেক বড় একটা অর্জন। পার্শ্ববর্তী দেশসহ বিশ্বের অনেক দেশেই এখনো শতভাগ ডিম্যাট শেয়ার লেনদেন করতে পারেনি। কিন্তু আমরা সেটা পেরেছি। এ ক্ষেত্রে বাংলাদেশ অন্যদের চেয়ে অনেক এগিয়ে রয়েছে।’ফরহাদ আহমেদ শুরু থেকেই শেয়ার ডিম্যাট-প্রক্রিয়ার সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। তিনি মনে করেন, শতভাগ শেয়ার ডিম্যাট হওয়ার ফলে শেয়ারবাজারে লেনদেনে আরও বেশি স্বচ্ছতা প্রতিষ্ঠিত হবে। চলতি বছরের ১ জুন এসইসি শেয়ার ডিম্যাট-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়, ১ অক্টোবর থেকে স্টক এক্সচেঞ্জের মূল বোর্ডে কোনো কাগজের শেয়ার লেনদেন হবে না। সে জন্য সব কাগজের শেয়ারকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে ডিম্যাট করতে হবে। ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘বি’ শ্রেণীর যেসব কোম্পানির কাগজের শেয়ার থাকবে, সেসব কোম্পানিকে ১ জুলাইয়ের মধ্যে ‘জেড’ শ্রেণীতে নামিয়ে আনা হবে। সাধারণত লভ্যাংশ দিতে পারে না—এমন দুর্বল মৌল ভিত্তির কোম্পানিগুলোকে ‘জেড’ শ্রেণীতে নামানো হয়। এসইসির এ নির্দেশনা মেনে তালিকাভুক্ত ২৬টি কোম্পানিকে ‘বি’ শ্রেণী থেকে ‘জেড’ শ্রেণীতে নামিয়ে আনে স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ। এর আগে অন্য একটি নির্দেশ মেনে ‘এ’ শ্রেণীর কোম্পানিগুলো ‘বি’ শ্রেণীতে নামিয়ে আনা হয়েছিল। এসইসির নির্দেশনা জারির সময় সব মিলিয়ে কাগজের শেয়ার রয়েছে এমন কোম্পানির সংখ্যা ছিল ৪৬। গত তিন মাসে এর মধ্যে ২১টি কোম্পানির শেয়ার ডিম্যাট করায় মূল বোর্ডেই সেগুলোর লেনদেন হচ্ছে। যেসব কোম্পানি ডিম্যাট করতে পারেনি, সেগুলোই যাচ্ছে ওটিসিতে। বাজারে যখন শেয়ারের তীব্র সংকট, তখন একসঙ্গে এতগুলো কোম্পানিকে মূল বোর্ডের বাইরে পাঠানোর যৌক্তিকতা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলেছেন। তবে এসইসির পক্ষ থেকে বলা হয়েছে, যেসব কোম্পানিকে তালিকাচ্যুত করা হয়েছে, তাদের সম্মিলিত বাজার মূলধন বাজারে মোট মূলধনের ১ শতাংশের মতো। তাই এতে খুব বেশি সমস্যা হবে না। যেসব কোম্পানিকে তালিকাচ্যুত করা হয়েছে: রেইনউইক যজ্ঞেশ্বর, আলফা টোব্যাকো, বাংলাদেশ লিফ টোব্যাকো কোম্পানি, ইউসুফ ফ্লাওয়ার, জিল বাংলা সুগার, বাংলাদেশ প্লান্টেশন, হিল প্লান্টেশন, শ্যামপুর সুগার, গালফ ফুডস, মডার্ন ইন্ডাস্ট্রিজ, নর্দান জুট, কাসেম সিল্ক, মডার্ন ডায়িং, অলটেক্স ইন্ডাস্ট্রিজ, আলনিমা ইয়ার্ন, বাংলা প্রসেস, থেরাপিউটিকস, আজাদী প্রিন্টার্স, বাংলাদেশ হোটেল, বাংলাদেশ সার্ভিসেস, সমতা লেদার, দ্য ইঞ্জিনিয়ার ও হিমাদ্রী।