আজ থেকে শুরু হচ্ছে বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিশ্বকে বদলে দিতে সামাজিক ব্যবসা’
‘বিশ্বকে বদলে দিতে সামাজিক ব্যবসা’

সৃজনশীল নতুন চিন্তা ও ধ্যান- ধারণাকে সামাজিক ব্যবসায় রূপান্তর করে দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্যসেবা, শিক্ষা তথা মানব কল্যাণকে নতুন মাত্রা দিতে হবে।
এমন প্রত্যয় নিয়ে আজ বৃহষ্পতিবার থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে তিন দিনব্যাপী পঞ্চম বৈশ্বিক সামাজিক ব্যবসা সম্মেলন শুরু হচ্ছে।
শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের সামাজিক ব্যবসা দর্শনকে দুনিয়াজুড়ে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে ২০০৯ সাল থেকে প্রতিবছর আন্তর্জাতিকভাবে এই সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

কুয়ালালামপুর কনভেনশন সেন্টারে (কেএলসিসি) অনুষ্ঠেয় এবারের সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হলো, ‘বিশ্বকে বদলে দিতে সামাজিক ব্যবসা’। তিন দিনের এই সম্মেলনে সামাজিক ব্যবসার নতুন নতুন ধারণা উপস্থাপন করা হবে। অনেকে তাঁদের সামাজিক ব্যবসার অভিজ্ঞতা বিনিময় করবেন। ইউনূস সেন্টার, জার্মানভিত্তিক প্রতিষ্ঠান গ্রামীণ ক্রিয়েটিভ ল্যাব ও ইয়ুথ ট্রাস্ট ফাউন্ডেশন (মাইহারাপান) যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করছে। এবারের সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের উন্নয়ন সহযোগী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, গবেষক, শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, এনজিও কর্মীসহ ৬০০ জন অংশগ্রহণ করছেন। আর বাংলাদেশি প্রতিনিধিদলে রয়েছেন ১০৭ জন।

এবারই প্রথম এশিয়ার কোনো দেশে এই সম্মেলন বসছে। এর আগে জার্মানি ও অস্ট্রিয়ায় দুইবার করে এই সম্মেলন হয়। উল্লেখ্য, সামাজিক ব্যবসায় উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা ব্যবসার মুনাফা বা লভ্যাংশ গ্রহণ করেন না, শুধু মূল বিনিয়োগকৃত অর্থ ফেরত নিতে পারেন। আর মুনাফা প্রতিষ্ঠানের সম্প্রসারণে পুনর্বিনিয়োগ করা হয়। সমাজের বিভিন্ন সমস্যা সমাধানে ব্যবসার পদ্ধতি প্রয়োগ করার মাধ্যমে সামাজিক ব্যবসা এগিয়ে যায়। এবারের সম্মেলনের অন্যতম আকর্ষণ হলো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মোহাম্মদ নাজিব বিন তুন হাজি আবদুল তাঁর দেশের জন্য সামাজিক ব্যবসার রূপরেখা তুলে ধরবেন। অনুষ্ঠানের দ্বিতীয় দিনের একটি অধিবেশনে ‘মালয়েশিয়ায় সামাজিক ব্যবসার রূপরেখা’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন তিনি। একই অধিবেশনে ড. মূহাম্মদ ইউনূস আগামী কয়েক বছরে বিশ্বের সামাজিক ব্যবসার রূপরেখা তুলে ধরবেন ‘২০১৮ সালের জন্য রূপরেখা’ শিরোনামের মূল প্রবন্ধে। তিন দিনের এই সম্মেলনে বিভিন্ন দেশে সামাজিক ব্যবসার সফল উদাহরণগুলো তুলে ধরা হবে। এদিকে সম্মেলনের প্রস্তুতি পর্বে গতকাল বুধবার সারা দিনই ড. ইউনূস মালয়েশিয়ার গবেষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন।