আজ থেকে স্বর্ণের দাম প্রতি ভরি সর্বোচ্চ সাড়ে ৫৯ হাজার টাকা
আন্তর্জাতিক বাজারে অব্যাহতভাবে দাম বাড়ায় ১৫ দিনের ব্যবধানে দেশের বাজারেও স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। আজ রোববার থেকে এই নতুন দর কার্যকর হবে। এতে ভরিপ্রতি স্বর্ণের দাম সর্বনিম্ন ৮১৭ থেকে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত বাড়বে। এর আগে সর্বশেষ গত ২৬ আগস্ট স্বর্ণের দাম বাড়ায় বাজুস। বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শনিবার স্বর্ণের দাম বৃদ্ধির সিদ্ধান্ত জানানো হয়। এতে বলা হয়, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেট স্বর্ণ ৫৯ হাজার ৪৮৬ টাকা, ২১ ক্যারেট ৫৬ হাজার ৮০৩ টাকা এবং ১৮ ক্যারেট ৪৮ হাজার ৬৯৭ টাকা দরে বিক্রি করা হবে। এ ছাড়া সনাতন পদ্ধতির স্বর্ণের দাম হবে ৩৬ হাজার ৮৫৮ টাকা। পাশাপাশি প্রতি ভরি ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম হবে এক হাজার ৫৭৪ টাকা। এর আগে প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণ ৫৭ হাজার ৯৭০ টাকা, ২১ ক্যারেট ৫৫ হাজার ৪০৪ টাকা ও ১৮ ক্যারেট ৪৭ হাজার ৪৭২ টাকা দরে বিক্রি হয়েছিল। এ ছাড়া সনাতনী হিসেবে পরিচিত দেশি স্বর্ণের দাম ছিল তখন ৩৬ হাজার ৪১ টাকা। আর ২১ ক্যারেট (ক্যাডমিয়াম) রুপার দাম ছিল এক হাজার ৫১৬ টাকা। বাজুসের সাধারণ সম্পাদক দেওয়ান আমিনুল ইসলাম এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘আমরা কয়েক দিন ধরে বাজার পর্যবেক্ষণ করছিলাম। কিন্তু গত শনিবার কয়েক মিনিটের মধ্যে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম এক হাজার ৭৩৫ ডলারে গিয়ে ওঠে। এ মুহূর্তে দাম না বাড়ালে আমাদের ক্ষতির মুখে পড়তে হবে।’