রাষ্ট্রায়ত্ত গবেষণা সংস্থা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক পদে যোগ্য প্রার্থী বাছাই করা হচ্ছে। এরই মধ্যে এ পদের জন্য চারজনকে সংক্ষিপ্ত তালিকাভুক্ত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সংস্থাটির পর্ষদ সভায় এ চারজনের মধ্য থেকে একজনের নাম চূড়ান্ত করা হবে।
বিআইডিএসের বর্তমান মহাপরিচালক মোস্তফা কে মুজেরীর চাকরির মেয়াদ আগামী ৩১ মার্চ শেষ হতে যাচ্ছে। এর ফলে এপ্রিল থেকে পদটি খালি হবে। এ জন্য শূন্য ওই পদে যোগ্য ব্যক্তি বাছাইয়ে গঠন করা হয়েছে একটি অনুসন্ধান বা সার্চ কমিটি।
বিআইডিএসের নতুন মহাপরিচালক নিয়োগের জন্য যে চারজনের সংক্ষিপ্ত তালিকা করা হয়েছে, তাঁরা হলেন সংস্থাটির বর্তমান গবেষণা পরিচালক বিনায়ক সেন, সাবেক গবেষণা পরিচালক কে এ এস মুর্শিদ ও জায়েদ বখত এবং ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট বা আইএফএডির জ্যেষ্ঠ অর্থনীতিবিদ আতিকুর রহমান।
এঁদের মধ্যে জায়েদ বখত সম্প্রতি অবসরকালীন ছুটিতে গেছেন এবং রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান পদে দায়িত্ব পালন করছেন। আতিকুর রহমানও ১৯৮৯ সাল পর্যন্ত বিআইডিএসে কর্মরত ছিলেন। এরপর বিআইডিএস ছেড়ে তিনি বিদেশে চাকরি নিয়ে চলে যান। পরবর্তীকালে দাতা সংস্থা আইএফএডিতে যোগ দেন। কে এ এস মুর্শিদও একসময় বিআইডিএসে কর্মরত ছিলেন। আর বিনায়ক সেন বর্তমানে সংস্থাটিতে কর্মরত।
জানা গেছে, অনুসন্ধান কমিটির সুপারিশের ভিত্তিতে মহাপরিচালক নিয়োগের বিষয়টি চূড়ান্ত অনুমোদনের জন্য আজ বিআইডিএসের পর্ষদ সভায় তোলা হচ্ছে। জানা গেছে, বেলা ১১টায় সংস্থাটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠানের কথা রয়েছে। পদাধিকার বলে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিআইডিএসের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
জানতে চাইলে বিআইডিএসের মহাপরিচালক ও অনুসন্ধান কমিটির সদস্য মোস্তফা কে মুজেরী বলেন, আজ পর্ষদ সভায় বিষয়টি উপস্থাপন করা হবে। সেখানেই পরবর্তী মহাপরিচালক নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
সাবেক অর্থমন্ত্রী ও বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ট্রাস্টি বোর্ডের সদস্য এম সাইদুজ্জামানকে আহ্বায়ক করে তিন সদস্যের অনুসন্ধান কমিটির অপর দুই সদস্য হলেন ব্র্যাকের উপদেষ্টা মাহবুব হোসেন ও বিআইডিএসের বর্তমান মহাপরিচালক মোস্তফা কে মুজেরী।
মহাপরিচালক পদের জন্য আবেদন আহ্বান করে গত বছরের জুলাই মাসে বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে বিআইডিএস। তখন ৩০ জন প্রার্থী আবেদন করেন।