
ঘূর্ণিঝড় ‘মোরা’ আঘাত হানলেও চট্টগ্রাম বন্দরের অবকাঠামোর ক্ষতি হয়নি। ঘূর্ণিঝড়ের প্রভাবে এক দিন বন্ধ থাকার পর গতকাল মঙ্গলবার বিকেল চারটায় বন্দর থেকে পণ্য খালাস কার্যক্রম আবার চালু হয়। তবে জেটিতে জাহাজ না থাকায় পণ্য ওঠানো-নামানো হয়নি। আজ বুধবার বিকেল থেকে বন্দর পুরোদমে সচল হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বন্দর–সংশ্লিষ্ট একাধিক ব্যক্তি জানান, বন্দরের অবকাঠামোগত ক্ষতি না হলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে ক্ষতির মুখে পড়বেন ব্যবসায়ীরা। কারণ, ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার সকাল থেকে ধাপে ধাপে ২৪টি পণ্যবাহী বড় জাহাজ সাগরে পাঠিয়ে দেওয়া হয়। এসব জাহাজ জেটিতে ভেড়ানো হবে বুধবার দুপুর ১২টার পর থেকে। সব জাহাজ জেটিতে ভেড়াতে সময় লাগবে বুধবার বিকেল পর্যন্ত। প্রায় আড়াই দিন জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোর পরিচালন কার্যক্রম বন্ধ থাকায় নতুন করে জাহাজের জট তৈরি হবে। এর ফলে আমদানি পণ্য হাতে পেতে ব্যবসায়ীদের সময় লাগবে বেশি। আবার রপ্তানি পণ্যও জাহাজে বোঝাই করতে এক-দুদিন বাড়তি সময় লাগবে। গতকাল বিকেল চারটা থেকে পণ্য খালাস কার্যক্রম চালু করা হলেও আমদানিকারকদের পণ্য খালাস নেওয়ার হার কম ছিল।
বন্দর কর্মকর্তারা জানান, গতকাল সকালে ঘূর্ণিঝড় মোরা আঘাত হানার পর প্রচণ্ড বাতাসে নিয়ন্ত্রণ হারিয়ে সাগর থেকে ‘এমভি ক্রিস্টাল গোল্ড’ নামের একটি জরাজীর্ণ জাহাজ আনোয়ারার পারকি সৈকতের অদূরে গিয়ে আটকে যায়। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে সোমবারই বন্দর কর্তৃপক্ষ পণ্যবাহী সব জাহাজ গভীর সাগরে পাঠিয়ে দিয়েছিল। ফলে এই জরাজীর্ণ জাহাজ নিয়ন্ত্রণ হারালেও বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।
এমভি ক্রিস্টাল গোল্ড চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহীমের মালিকানাধীন ক্রিস্টাল গ্রুপের। নাবিকদের বেতন-ভাতা না দেওয়ায় এবং সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের বকেয়া আটকে থাকায় জাহাজটির বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করে ভুক্তভোগীরা। বন্দরের প্রকাশিত নথিতে দেখা যায়, জাহাজটি ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি থেকে হাইকোর্টের নির্দেশে আটক রয়েছে।
বন্দরের সচিব ওমর ফারুক প্রথম আলোকে বলেন, ঘূর্ণিঝড়ের সময় একটি জাহাজকে ধাক্কা দিয়ে এমভি ক্রিস্টাল গোল্ড নামের অচল জাহাজটি আনোয়ারার পারকি সৈকতের কাছে আটকে গেছে। তীরের কাছাকাছি থাকায় এই জাহাজটির কারণে বন্দরের কোনো সমস্যা হবে না।
এ বিষয়ে জাহাজটি পরিচালনাকারী ক্রিস্টাল গ্রুপের প্রতিষ্ঠান আইজি নেভিগেশন লিমিটেডের প্রশাসন বিভাগের প্রধান ঈশা খান প্রথম আলোকে বলেন, প্রচণ্ড বাতাসের টানে জাহাজটি তীরের দিকে চলে যায়। তবে সৈকতে আটকে যায়নি। জাহাজটি সচল আছে বলেও দাবি তাঁর।
প্রসঙ্গত, গতকাল ঘূর্ণিঝড়ের সময় সাগরে ১২৫টি বড় জাহাজ অবস্থান করছিল। এর মধ্যে শুধু এই জাহাজটিই দুর্ঘটনায় পড়েছে।