আজ বিকেএমইএর নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ রোববার দেশের নিট পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারকদের সংগঠন বিকেএমইএর পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন।২০১০-২০১২ সময়ে জন্য বিকেএমইএ পরিচালনা করতে এবারের নির্বাচনে ২৭টি পদের জন্য ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ঢাকার অফিসার্স ক্লাব ও নারায়ণগঞ্জ ক্লাবে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত।এবার ভোটাররা ২৭টি পদের মধ্যে যেকোনোসংখ্যক পদে ভোট দিতে পারবেন। এর আগে নিয়ম ছিল ২৭টি পদের প্রতিটির জন্যই ভোট দিতে হবে। একজন ভোটারের আবেদনে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন, এফবিসিসিআইয়ের সালিশি বোর্ড সিদ্ধান্ত দেয় ভোটার যেকোনোসংখ্যক ভোট দিতে পারবেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হলে সালিশি বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করেন আদালত। পরে আপিল বিভাগ সালিশি বোর্ডের সিদ্ধান্ত বহাল রাখেন।এই রায়ের কারণে নির্বাচন এক দফা পেছানো হয়। এর আগে গত ২৬ জুন বিকেএমইএ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।বিকেএমইএর এবারের নির্বাচনে শুরু থেকেই নানা ধরনের অনিয়মতান্ত্রিক তৎপরতা চালায় নারায়ণগঞ্জের প্রভাবশালী একটি মহল। এই মহল প্রথম দিকে প্রচার চালায় এবার নির্বাচন হবে না। মনোনীত (সিলেকশনের) ব্যক্তিদের মাধ্যমে সংগঠনের পরিচালনা পর্ষদ গঠন করা হবে। এই প্রচারণায় কাজ না হলে গত জানুয়ারি মাস থেকেই বর্তমান পরিচালনা পর্ষদকে বিভিন্নভাবে প্রকাশ্যে সমাবেশ করে হুমকি দেওয়া হয়। একপর্যায়ে বর্তমান পর্ষদ ভেঙে দিয়ে নতুন সভাপতি বানানোর চেষ্টাও চলে। এসবে কোনো কাজ না হলে প্রভাবশালী সদস্য সেলিম ওসমান প্রভাব খাটিয়ে কয়েকজন পরিচালককে পদত্যাগে বাধ্য করেন বলে অভিযোগ ওঠে। নির্বাচনে সেলিম ওসমানের নেতৃত্বে সম্মিলিত নিট পরিষদের প্যানেলে ২৭ জন প্রার্থী রয়েছেন। অন্যদিকে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও পরিচালক, মাস্কো গ্রুপের চেয়ারম্যান এম এ সবুরের নেতৃত্বে প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সে প্যানেলে রয়েছেন ১৭ জন প্রার্থী। অভিযোগ আছে, প্রভাবশালী চক্র সেলিম ওসমানের বিপক্ষে পরিপূর্ণ প্যানেল গঠন করতেই দেয়নি। উপরন্তু নির্বাচনী প্রচারণা চালাতে বাধা দেওয়া হয়েছে। এম এ সবুরের পক্ষের প্রচারণাকারীদের মারধর করা, হুমকি-ধামকি দেওয়ার কারণে ভোটারদের মধ্যে ভীতির সৃষ্টিও হয়েছে। উল্লেখ্য, সেলিম ওসমানের বড় ভাই নাসিম ওসমান নারায়ণগঞ্জ-৫ আসনের জাপার সাংসদ। ছোট ভাই শামীম ওসমান নারায়ণগঞ্জের বহুল আলোচিত আওয়ামী লীগের নেতা। দুই ভাইয়ের প্রভাবে সেলিম ওসমান বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নারায়ণগঞ্জ চেম্বার ও নারায়ণগঞ্জ ক্লাবের সভাপতির পদ দখল করেছেন। চেম্বার সভাপতি পদে সেলিম ওসমান নিজেকে নিজেই সভাপতি ঘোষণা করেন। আর শতবর্ষের ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ ক্লাবে গত ২০ বছরের মধ্যে এবারই প্রথম কোনো পদে নির্বাচন হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সেলিম ওসমান সভাপতি হয়েছেন।সামগ্রিক বিষয়ে ফোনে কথা হয় সেলিম ওসমানের সঙ্গে। তিনি বিজয়ের বিষয়ে শতভাগ আশাবাদী। পাল্টা অভিযোগ এনে বলেন, ‘আদালতের রায়ের কারণে এই অন্যরকম নির্বাচন হচ্ছে। তার পরও আমি শতভাগ আশাবাদী।’নারায়ণগঞ্জ ক্লাব ও চেম্বারের সভাপতি হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমাকে ব্যবসায়ীরা বানিয়েছেন। আমি দখল করিনি।’ বলেন, ক্লাবে অনেক অনিয়ম হয়েছে। সেগুলো ঠিক করতে তাঁকে সভাপতি করা হয়েছে। তাঁর সঙ্গে সাবেক আরও আটজন সভাপতি আছেন।আর চেম্বারের বিষয়ে বলেন, তিনি সভাপতি ছিলেন। বিগত সরকারের আমলে তাঁকে বাদ দেওয়া হয়। একই সঙ্গে তিনি বিকেএমইএরও সহসভাপতি ছিলেন। দাবি করেন, এখান থেকেও তাঁকে বাদ দেওয়া হয়। এখন ব্যবসায়ীরা আবার তাঁকে দায়িত্ব দিয়েছেন। তাঁর প্রতি সম্মান দেখিয়ে কেউ মনোনয়নপত্র কেনেননি।বিকেএমইএ নির্বাচনে তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ তিনি অস্বীকার করেন। পাল্টা অভিযোগও আনেন। বলেন, ‘সময়মতো এজিএম করা হয়নি। নির্বাচনের সময়ও পেছানো হয়েছে।’ আরও বলেন, তিনি কাউকে প্রার্থী হতে বাধা দেননি।বিকেএমইএ নির্বাচনে এবার ভোটারসংখ্যা ৪৯৬। এর মধ্যে নারায়ণগঞ্জেই রয়েছেন ৩২২ জন। আর নারায়ণগঞ্জের বাইরে রয়েছেন ১৭৪ জন।নির্বাচনে সম্মিলিত নিট পরিষদের প্যানেলে প্রার্থী হয়েছেন: এ কে এম সেলিম ওসমান, হাবিবুর রহমান, আবু আহম্মেদ সিদ্দিক, মোহাম্মদ হাতেম, শামীম আহম্মেদ, খাজা আজিজুল হক, মনসুর আহম্মেদ, আসলাম সানি, এস এম সালাউদ্দিন, শফিকুজ্জামান, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শাহজাহান আলম, মঞ্জুরুল হক, নুরুল আলম চৌধুরী, গোলাম জাকারিয়া ভূঁইয়া, হুমায়ুন কবির খান, সৈয়দ হোসেন সরকার, খন্দকার মোফাজ্জল উদ্দিন, শ্যামল কুমার সাহা, ফারুক বিন ইউসুফ, আনোয়ার কামাল পাশা, আলমগীর কবির, শারাফাত জামিল, মহিউদ্দিন ফারুকী, এফ এম কবির মঈন, ইঞ্জিনিয়ার এস এম কামরুল আহসান ও গওহর জামিল সিরাজ। অন্যদিকে প্রগ্রেসিভ নিট অ্যালায়েন্সের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন: এম এ সবুর, শেখ ফখরুদ্দিন আলি আহম্মেদ, খাজা রহমত উল্লাহ, নুসরাত বারি, সৈয়দ আবু ইউসুফ আবদুল্লাহ, শেখ আব্দুস সালাম, এ এস এম শামসুজ্জামান, নুরুল হাসান, আবুল কালাম আজাদ, মজিবুর রহমান মজুমদার, হাজি আবদুল মজিদ মণ্ডল, আবদুল মঈন, জুলফিকার আলি শিকদার, শেখ মনোয়ার হোসেন, আব্দুস সালাম সরকার, জহিরুল ইসলাম ও মাহবুবুর রহমান।