আজ মূসক দিবস
আজ বৃহস্পতিবার জাতীয় মূল্য সংযোজন কর (মূসক) দিবস। এই উপলক্ষে জাতীয় ও জেলা পর্যায়ে ১২২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেবে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। মহাখালীর রাওয়া মিলনায়তনে মূসক দিবসের মূল অনুষ্ঠানে তাদের এই সম্মাননা দেওয়া হবে। এবারের মূসক দিবসের স্লোগান—মূসক দেবো জনে জনে, অংশ নেবো উন্নয়নে।
এ ছাড়া মূসক দিবস উপলক্ষে শোভাযাত্রা, আলোচনাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে এনবিআর। মূল অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। মূসক দিবস ও সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।
২০১১-১২ অর্থবছর থেকে সেবা, উৎপাদন ও ব্যবসায়ী—এই তিনটি ক্যাটাগরিতে বেশি কর পরিশোধকারী ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বিশেষ সম্মাননা দেওয়া শুরু করেছে এনবিআর। এর মধ্যে জাতীয় পর্যায়ে তিন ক্যাটাগরিতে তিনটি করে মোট নয়টি প্রতিষ্ঠান সম্মাননা পাচ্ছে। আর জেলা পর্যায়ের ১১৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকেও সম্মাননা দেওয়া হচ্ছে।
এনবিআরের রাজস্ব আয়ের অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হলো মূল্য সংযোজন কর (মূসক)। ২০১৪-১৫ অর্থবছরে ৫৫ হাজার ১৩ কোটি টাকার মূসক আদায়ের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে, যা মোট রাজস্ব আয়ের এক-তৃতীয়াংশ।